প্রিন্ট এর তারিখঃ May 6, 2026 ইং || প্রকাশের তারিখঃ May 6, 2026 ইং
তেহরানের কাছে শপিং কমপ্লেক্সে ভয়াবহ আগুন, নিহত ৮

ইরান-এর রাজধানী তেহরান-এর পশ্চিমে অবস্থিত আন্দিশেহ শহরের একটি শপিং কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৮ জন নিহত এবং আরও ৩৬ জন আহত হয়েছেন।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন আইআরআইবি জানায়, মঙ্গলবার বিকেলে ‘আরঘাভান কমার্শিয়াল কমপ্লেক্স’ নামের ওই ভবনে আগুনের সূত্রপাত ঘটে। ভবনটিতে ২৫০টিরও বেশি বাণিজ্যিক ইউনিট ছিল।
ইরানিয়ান স্টুডেন্টস নিউজ এজেন্সি (আইএসএনএ)-এর তথ্য অনুযায়ী, খবর পাওয়ার পরপরই দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা শুরু করে। আন্দিশেহ শহরের দমকল বিভাগের প্রধান আলী পাইদারান জানান, ভবনের সম্মুখভাগে ব্যবহৃত দাহ্য উপকরণের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।
অন্যদিকে ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ঘটনার পরপরই উদ্ধার ও চিকিৎসা কার্যক্রম জোরদার করা হয়েছে এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ Mirror News