বালিয়াডাঙ্গী: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে কৃষি উন্নয়ন, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষি ব্যবস্থা সম্প্রসারণের লক্ষ্যে “পার্টনার কংগ্রেস-২০২৬” অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১০ মে) উপজেলা কৃষি অফিস ও কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বালিয়াডাঙ্গীর আয়োজনে এ কংগ্রেস অনুষ্ঠিত হয়। এতে কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারী, কৃষক প্রতিনিধি, কৃষি উদ্যোক্তা, এনজিও প্রতিনিধি ও স্থানীয় জনপ্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান সময়ে জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় কৃষিকে আরও প্রযুক্তিনির্ভর ও পরিবেশবান্ধব করতে হবে। আধুনিক কৃষি প্রযুক্তি, উন্নত জাতের বীজ, সুষম সার ব্যবস্থাপনা এবং সমন্বিত বালাই দমন পদ্ধতি ব্যবহারের মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধি করা সম্ভব।
কংগ্রেসে বক্তব্য রাখেন জেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ মাজেদুল ইসলাম, জেলা সিনিয়র মনিটরিং অফিসার সনজয় দেবনাথ, জেলা প্রশিক্ষণ অফিসার মোছাঃ সাইমা নাসমিন, উপজেলা কৃষি অফিসার মোছাঃ তামান্না ফেরদৌস, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ লতিফুর রহমান এবং কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ গুলজার হোসেন।
আলোচনায় ধান, গম, ভুট্টা, আলু, সবজি ও তেলবীজ ফসলের উৎপাদন বাড়াতে আধুনিক কৌশল প্রয়োগ, নিয়মিত মাটি পরীক্ষা, কৃষিপণ্য সংরক্ষণ ও বাজারজাতকরণ নিয়ে গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত ও কৃষি উদ্যোক্তা তৈরিতে সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়।
সভা শেষে ইউনিয়নভিত্তিক কৃষক তথ্য হালনাগাদ, মাঠপর্যায়ে সমন্বিত কার্যক্রম জোরদার এবং নির্দিষ্ট সময় পরপর অগ্রগতি মূল্যায়নের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ কৃষকদের মধ্যে আধুনিক কৃষি সম্পর্কে সচেতনতা বাড়াবে এবং বালিয়াডাঙ্গীর কৃষি খাতকে আরও সমৃদ্ধ করবে।