প্রিন্ট এর তারিখঃ May 10, 2026 ইং || প্রকাশের তারিখঃ May 10, 2026 ইং
মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু, আহত বাবা-বোন

দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি : ফেনীর দাগনভূঞা উপজেলায় ছেলের ছুরিকাঘাতে মায়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন বাবা ও বোন। রোববার রাত দশটার দিকে উপজেলার সিন্দুরপুর ইউনিয়নের দিলপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত লাকি বেগম (৪৫) ওই গ্রামের বাসিন্দা মোহাম্মদ মোস্তফার স্ত্রী। আহতরা হলেন মোস্তফা (৫৫) ও তাঁদের মেয়ে মোসাম্মদ মিথিলা মোস্তফা (১৮)। আশঙ্কাজনক অবস্থায় তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত ছেলে মোহাম্মদ রাফিক (২১) দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। রোববার রাতে মাদক কেনার জন্য মায়ের কাছে টাকা চান তিনি। টাকা দিতে অপারগতা জানালে ক্ষিপ্ত হয়ে ধারালো ছুরি দিয়ে মায়ের ওপর হামলা চালান। এতে ঘটনাস্থলেই গুরুতর আহত হন লাকি বেগম।
এ সময় বোন মিথিলা এগিয়ে এলে তাকেও ছুরিকাঘাত করা হয়। পরে মেয়েকে রক্ষা করতে গিয়ে আহত হন বাবা মোস্তফা। পরিবারের সদস্যদের চিৎকারে স্থানীয়রা ছুটে এলে রাফিক পালানোর চেষ্টা করেন। পরে এলাকাবাসী তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।
আহতদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক লাকি বেগমকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শাহরিয়ার কবির জানান, হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়েছে। আহত দুজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, অভিযুক্তকে আটক করা হয়েছে এবং ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ Mirror News