প্রিন্ট এর তারিখঃ May 13, 2026 ইং || প্রকাশের তারিখঃ May 12, 2026 ইং
ক্ষমতায় এসেই ৭ শতাধিক মদের দোকান বন্ধের নির্দেশ বিজয়ের

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই রাজ্যে ৭১৭টি মদের দোকান বন্ধের নির্দেশ দিয়েছেন সি. জোসেফ বিজয়। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, মন্দির, স্কুল ও বাসস্ট্যান্ডের ৫০০ মিটারের মধ্যে অবস্থিত রাষ্ট্র পরিচালিত এসব দোকান আগামী দুই সপ্তাহের মধ্যে বন্ধ করতে হবে।
রাজ্যের মদের দোকানগুলো পরিচালনা করে তামিলনাড়ু স্টেট মার্কেটিং করপোরেশন (টিএএসএমএসি)। সরকারের নির্দেশনায় বলা হয়েছে, সাধারণ মানুষের কল্যাণের কথা বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সরকারি তথ্য অনুযায়ী, বর্তমানে তামিলনাড়ুতে টিএএসএমএসি পরিচালিত মোট ৪ হাজার ৭৬৫টি মদের দোকান রয়েছে। এর মধ্যে ২৭৬টি উপাসনালয়ের কাছে, ১৮৬টি শিক্ষা প্রতিষ্ঠানের কাছে এবং ২৫৫টি বাসস্ট্যান্ডের আশপাশে অবস্থিত।
উল্লেখ্য, বিজয়ের নেতৃত্বাধীন তামিলগা ভেত্রি কাজগাম (টিভিকে) গত মাসের বিধানসভা নির্বাচনে ১০৮টি আসনে জয় পায়। এককভাবে সরকার গঠনের মতো সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় কংগ্রেসসহ কয়েকটি দলের সঙ্গে জোট গঠন করে দলটি। পরে রোববার (১০ মে) মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন বিজয়।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ Mirror News