প্রিন্ট এর তারিখঃ May 13, 2026 ইং || প্রকাশের তারিখঃ May 13, 2026 ইং
শাহজাদপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কায়েমপুর ইউনিয়নের বৃআঙ্গারু গ্রামে নিজ ঘর থেকে তাসলিমা খাতুন (২৫) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৩ মে) ভোরে নিজ ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত তাসলিমা খাতুন ওই গ্রামের মোঃ উজ্জল মিয়ার স্ত্রী এবং দুই সন্তানের জননী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে দাম্পত্য কলহ চলছিল।
নিহতের পরিবারের দাবি, স্বামী দ্বিতীয় বিয়ে করার ইচ্ছা প্রকাশ করার পর তাদের মধ্যে প্রায়ই বিরোধ দেখা দিত। মঙ্গলবার রাতে ঘুমানোর আগেও স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি ও মারামারির ঘটনা ঘটে।
নিহতের ননদ বৃষ্টি মনি (১৪) জানান, বুধবার ভোর আনুমানিক ৬টার দিকে তিনি ঘরের টিনের দরজা খুলে দুচালা টিনের ঘরের ভেতরে বাঁশের ধরনার সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় তাসলিমাকে ঝুলন্ত দেখতে পান। পরে তার ডাক চিৎকারে আশেপাশের লোকজন চলে আসে।
শাহজাদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ হাফিজুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ Mirror News