প্রিন্ট এর তারিখঃ May 13, 2026 ইং || প্রকাশের তারিখঃ May 13, 2026 ইং
ঢাবি কেন্দ্রীয় জামে মসজিদে সাদিক কায়েমের আকদ সম্পন্ন

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক সাদিক কায়েমের আকদ সম্পন্ন হয়েছে। বুধবার (১৩ মে) বিকাল ৫টার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে চিকিৎসক আনিকা ফারদিন ফরায়েজির সঙ্গে তার আকদ অনুষ্ঠিত হয়।
জানা গেছে, আনিকা ফারদিন ফরায়েজি পেশায় একজন চিকিৎসক এবং কুমিল্লার চৌদ্দগ্রামের বাসিন্দা। তার বাবা আয়ুব আলী ফরায়েজি একজন ব্যবসায়ী। তিনি রিলায়েন্স গ্রুপের ভাইস চেয়ারম্যান ও প্রবাসী বাংলা প্রোপার্টিজ লিমিটেডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।
সন্ধ্যা ৭টার পর রাজধানীর শাহবাগে অবস্থিত শহীদ আবু সাঈদ আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে বিয়ের মূল অনুষ্ঠান আয়োজনের কথা রয়েছে।
আকদ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এছাড়া দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, কেন্দ্রীয় ও মহানগর নেতারা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, ডাকসুর নেতৃবৃন্দ এবং বিভিন্ন ছাত্রসংগঠনের নেতাকর্মীরা অনুষ্ঠানে অংশ নেন।
আকদ শেষে নেতাকর্মীদের নিয়ে শহীদ ওসমান হাদীর কবর জিয়ারত করেন ডা. শফিকুর রহমান। পরে তার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাতের সময় আবেগাপ্লুত হয়ে পড়েন সাদিক কায়েম। উপস্থিত অনেকের মাঝেও আবেগঘন পরিবেশ তৈরি হয়।
বিয়ে উপলক্ষে এরই মধ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও আমন্ত্রণপত্র বিতরণ করেছেন সাদিক কায়েম। সামাজিক যোগাযোগমাধ্যমেও নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন ডাকসু নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ Mirror News