প্রিন্ট এর তারিখঃ May 13, 2026 ইং || প্রকাশের তারিখঃ May 13, 2026 ইং
বাঞ্ছারামপুরে গুলিবিদ্ধ রিমনের মরদেহ পাওয়ার ঘটনায় গ্রেফতার ২ জন

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে আলোচিত রিমন মিয়া হত্যা মামলায় তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৩ মে) সকালে গ্রেপ্তার দুই আসামিকে আদালতে হাজির করা হলে তাদের জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। একই সঙ্গে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন নবীনগর উপজেলার নতুন থোল্লাকান্দি গ্রামের কুদ্দুস মিয়ার ছেলে মো. হারিছ এবং বাঞ্ছারামপুর উপজেলার দড়িকান্দি গ্রামের আলমগীর হোসেনের ছেলে সাজ্জাদ হোসেন ওরফে বাবু ।
উল্লেখ্য, গত কয়েকদিন আগে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার পাহরিয়াকান্দি ইউনিয়নের উলুকান্দী শেখ হাসিনা কলেজ মাঠসংলগ্ন এলাকা থেকে রিমন নামে এক যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত রিমন নবীনগর উপজেলার নতুন থোলাকান্দি গ্রামের ফুরকান মিয়ার ছেলে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল সাড়ে ৩টার দিকে এলাকাবাসী কলেজ মাঠের পাশের একটি রাস্তায় রক্তাক্ত অবস্থায় মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। নিহতের শরীরে গুলির চিহ্ন রয়েছে বলে জানায় পুলিশ।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। নিহতের পরিবার ও স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে আসে। কে বা কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা নিয়ে শুরু হয় নানা আলোচনা।
এ ঘটনায় পুলিশ সুপার ও পিবিআইয়ের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে বিভিন্ন আলামত সংগ্রহ করে। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে গুরুত্বসহকারে তদন্ত চলছে এবং জড়িত অন্যদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ Mirror News