প্রিন্ট এর তারিখঃ May 14, 2026 ইং || প্রকাশের তারিখঃ May 14, 2026 ইং
যুদ্ধের সময় ‘লুকিয়ে’ আমিরাতে গিয়েছিলেন নেতানিয়াহু

ইরানের সঙ্গে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধ চলাকালে গোপনে সংযুক্ত আরব আমিরাত সফর করেছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। বুধবার নেতানিয়াহুর কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়।
সফরকালে তিনি আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদের সঙ্গে বৈঠক করেন। নেতানিয়াহুর দাবি, ওই বৈঠকের মাধ্যমে দুই পক্ষের মধ্যে একটি ঐতিহাসিক অগ্রগতি অর্জিত হয়েছে।
তবে নেতানিয়াহুর এ দাবি নাকচ করেছে আমিরাত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এমন কোনো সফরের অস্তিত্ব নেই। তারা আরও বলেছে, ইসরায়েলের সঙ্গে আমিরাতের সম্পর্ক কোনো গোপন বা অনানুষ্ঠানিক যোগাযোগের ওপর ভিত্তি করে নয়।
যুদ্ধ চলাকালে আমিরাতে একাধিক হামলা চালায় ইরান। তেহরানের অভিযোগ, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে আমিরাতের ঘনিষ্ঠ সম্পর্ক তাদের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি তৈরি করছে।
আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ইসরায়েলের সঙ্গে তাদের সম্পর্ক প্রকাশ্য এবং তা আব্রাহাম চুক্তির আওতায় পরিচালিত হচ্ছে। এ সম্পর্ক কোনো গোপন সমঝোতার ভিত্তিতে গড়ে ওঠেনি বলেও উল্লেখ করা হয়।
২০২০ সালে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে সংযুক্ত আরব আমিরাত। একই সময়ে বাহরাইন, মরক্কো ও সুদানও এই প্রক্রিয়ায় যোগ দেয়।
এদিকে, গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর আমিরাতে আয়রন ডোম আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠায় ইসরায়েল। এসব প্রতিরক্ষা ব্যবস্থা পরিচালনার জন্য ইসরায়েলি সেনারাও দেশটিতে প্রবেশ করে।
সূত্র: বিবিসি
© সকল কিছুর স্বত্বাধিকারঃ Mirror News