প্রিন্ট এর তারিখঃ May 15, 2026 ইং || প্রকাশের তারিখঃ May 15, 2026 ইং
সাদা কাপড়ে দাগ লাগলে বেশি চোখে পড়ে, নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জামায়াত আমিরের

জামায়াত ক্ষমতার প্রতিদ্বন্দ্বী হিসেবে উঠে আসছে উল্লেখ করে দলটির নেতাকর্মীদের লেনদেন ও আচার-আচরণে আরও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।
শুক্রবার (১৫ মে) রংপুর মডেল কলেজ মিলনায়তনে রংপুর-দিনাজপুর অঞ্চলের জেলা, উপজেলা ও থানা আমির সম্মেলনে তিনি এসব কথা বলেন।
জামায়াত আমির বলেন, ‘দুইটা সার্চ লাইট আপনাদের দিকে এখন তাক করা আছে। একটা আল্লাহ তাআলার, আরেকটা জনগণের। এই দুইটাকেই সম্মান ও সমীহ করতে হবে। সাদা কাপড় যারা পরে তারা খুবই সতর্ক থাকে যে যেন কোন দাগ না লাগে। কিন্তু অল্প দাগ লাগলেও ভাসে বেশি; দৃশ্যমান হয় বেশি। আপনারা সাদা কাপড়। দাগ লাগলে খবর আছে কিন্তু।’
তিনি বলেন, ‘জনগণের যেদিন আস্থা তৈরি হবে যে, আমাদের কাছে দেশ, জাতি, দ্বীন নিরাপদ; সেদিন আল্লাহর মেহেরবানীতে দেখবেন সব ঘাট এক জায়গায় মিলে যাবে। সব নদী এক মোহনায় এসে একটা সমুদ্র তৈরি করবে। এই কাজটা আপনাকে আমাকে করতে হবে। আমাদের লেনদেন, আচার-আচরণ আগের চেয়ে অনেক সতর্ক হতে হবে।’
ডা. শফিকুর রহমান আরও বলেন, ‘একটা ইফেক্টিভ দল হিসেবে এরা বেঁচে থাকবে এতটুকু। এখন অনেকে মনে করে আপনারা হবেন ক্ষমতার প্রতিদ্বন্দ্বী। কাজেই আপনাদের প্রত্যেককে সার্চ লাইট দিয়ে দেখা হবে। আপনাদের শরীরের একটা লোমকূপও সার্চ লাইটের বাইরে থাকবে না।’
দলের সহকারী সেক্রেটারি জেনারেল ও অঞ্চল পরিচালক মাওলানা আব্দুল হালিমের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেতা ও সহকারী অঞ্চল পরিচালক মাওলানা মমতাজ উদ্দিন, অঞ্চল পরিচালনা কমিটির সদস্য মাহবুবুর রহমান বেলাল এমপিসহ অন্য নেতারা।
এর আগে সকাল ৯টায় একদিনের সফরে রংপুরে আসেন জামায়াত আমির। সার্কিট হাউসে তাঁকে গার্ড অব অনার দেয় মহানগর পুলিশ। পরে তিনি নগরীর মডেল কলেজ অডিটোরিয়ামে আমির সম্মেলনে যোগ দেন। জুমার নামাজ শেষে একটি মসজিদ উদ্বোধনের পর বিকেলে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সুধি সমাবেশে বক্তব্য দেওয়ার কথা রয়েছে তাঁর।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ Mirror News