প্রিন্ট এর তারিখঃ May 15, 2026 ইং || প্রকাশের তারিখঃ May 15, 2026 ইং
ঘাঘট নদীতে অবৈধ বালু উত্তোলন, জরিমানা ৬০ হাজার টাকা

গংগাচড়া (রংপুর) প্রতিনিধি: রংপুরের গংগাচড়া উপজেলার আলমবিদিতর ইউনিয়নের বকশিগঞ্জ বাজারসংলগ্ন তালুক ভুবন সাহেবপাড়া এলাকায় ঘাঘট নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে এক ব্যক্তিকে ৬০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত অভিযান পরিচালনা করেন গংগাচড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হামিদুল ইসলাম।
উপজেলা নির্বাহী অফিসার জেসমিন আক্তারের নির্দেশনায় পরিচালিত এ অভিযানে ঘাঘট নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০–এর সংশ্লিষ্ট ধারায় এক ব্যক্তিকে ৬০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে তার কাছ থেকে মুচলেকাও নেওয়া হয়।
অভিযান চলাকালে বালু উত্তোলনে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম বিনষ্ট করা হয় বলে জানিয়েছে প্রশাসন।
উপজেলা নির্বাহী অফিসার জেসমিন আক্তার বলেন, অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ Mirror News