
ইরানে মোহাম্মদ আমিন মাহদাভি শায়েস্তেহ নামের এক ব্যক্তির ফাঁসি কার্যকর করা হয়েছে। দেশটির আধা-সরকারি সংবাদমাধ্যম তাসনিম ও ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে সম্পর্ক থাকার অভিযোগে তার বিরুদ্ধে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।
তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদন অনুযায়ী, শায়েস্তেহ ‘মোসাদ সংশ্লিষ্ট একটি সাইবার টিমের প্রধান’ ছিলেন। তাকে ২০২৩ সালের শেষ দিকে গ্রেপ্তার করা হয়।
গত ১৩ জুন ইসরায়েল ইরানের বিরুদ্ধে সামরিক হামলা শুরু করার পর থেকে এ নিয়ে ইরানে মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে তিনজনের ফাঁসি কার্যকর করা হয়েছে। এর মধ্যে প্রথম ব্যক্তির ফাঁসি হয় ১৬ জুন এবং দ্বিতীয় জনের ২২ জুন।
তবে শায়েস্তেহসহ যাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, সেসব তথ্য স্বাধীনভাবে যাচাই করতে পারেনি কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
মানবাধিকার সংস্থাগুলো ইরানে মৃত্যুদণ্ড কার্যকরের হার এবং বিচার প্রক্রিয়ায় স্বচ্ছতার অভাব নিয়ে দীর্ঘদিন ধরেই উদ্বেগ প্রকাশ করে আসছে। তারা অভিযোগ করে আসছে, রাজনৈতিক উদ্দেশ্যে ও যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ না করেই ফাঁসি কার্যকর করা হয়।