প্রিন্ট এর তারিখঃ Apr 4, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jul 19, 2025 ইং
সোহরাওয়ার্দীজুড়ে ৩৩ স্ক্রিনে ভাসছে জামায়াতের বার্তা

রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে অংশ নেওয়া লাখো মানুষের সুবিধার্থে নেওয়া হয়েছে ব্যাপক প্রযুক্তিগত প্রস্তুতি। দূর-দূরান্ত থেকে আসা অংশগ্রহণকারীরা যেন বক্তব্য ও সাংগঠনিক বার্তা স্পষ্টভাবে দেখতে ও শুনতে পারেন, সেজন্য সমাবেশস্থলে স্থাপন করা হয়েছে ৩৩টি এলইডি স্ক্রিন ও ৩০০টি মাইক।
জানা গেছে, মূল মঞ্চের সামনে ছাড়াও উদ্যানের বিভিন্ন প্রান্তে এলইডি স্ক্রিনগুলো ছড়িয়ে ছিটিয়ে বসানো হয়েছে। এসব স্ক্রিনে সমাবেশের প্রতিটি মুহূর্ত সরাসরি সম্প্রচার করা হয়, ফলে মঞ্চ থেকে অনেক দূরে থাকা মানুষও সহজে বক্তব্য উপভোগ করতে পারছেন।
জামায়াত নেতারা জানিয়েছেন, এবারের সমাবেশে বিপুল জনসমাগমের বিষয়টি মাথায় রেখে পরিকল্পনার শুরু থেকেই প্রযুক্তির ব্যবহারকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। শুধু অডিও-ভিজ্যুয়াল ব্যবস্থাই নয়, পুরো মাঠজুড়ে পর্যাপ্ত লাইটিংয়ের ব্যবস্থা ছাড়াও সাংবাদিকদের জন্য আলাদা বসার স্থান নির্ধারণ করা হয়েছে যাতে তারা নির্বিঘ্নে সমাবেশ কাভার করতে পারেন।
বিশ্লেষকদের মতে, এ ধরনের সুসংগঠিত ও আধুনিক প্রযুক্তিনির্ভর আয়োজন জামায়াতে ইসলামীর সাংগঠনিক প্রস্তুতির একটি নতুন রূপ তুলে ধরছে। তারা বলছেন, এতে দলটির জনসম্পৃক্ততা এবং বৃহৎ পরিসরে অনুষ্ঠান আয়োজনের সক্ষমতারও ইঙ্গিত পাওয়া যায়।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ Mirror News