প্রিন্ট এর তারিখঃ Apr 20, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 25, 2025 ইং
অক্টোবরের মধ্যেই বাংলাদেশ-পাকিস্তান সরাসরি ফ্লাইট চালুর আশা

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সরাসরি ফ্লাইট চালুর সম্ভাবনা তৈরি হয়েছে। পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার জানিয়েছেন, আগামী অক্টোবরের মধ্যেই ‘ফ্লাই জিন্নাহ’ বিমান সংস্থা দুই দেশের মধ্যে সরাসরি ফ্লাইট পরিচালনা শুরু করতে পারে। একইসঙ্গে পিআইএ বেসরকারিকরণ সম্পন্ন হলে তারাও ঢাকা-ইসলামাবাদ রুটে ফ্লাইট চালুর পরিকল্পনা করছে।
রোববার (২৪ আগস্ট) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সৌজন্য সাক্ষাতের পর এ তথ্য জানানো হয়। সাক্ষাতে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, বাণিজ্য সম্প্রসারণ, শিক্ষা ও সংস্কৃতি বিনিময় এবং সার্কের মাধ্যমে আঞ্চলিক সহযোগিতা পুনরায় সক্রিয় করার বিষয়ে আলোচনা হয়।
ইসহাক দার বলেন, “যোগাযোগব্যবস্থা উন্নয়নে আমরা শিপিং এবং বিমান চলাচল পুনরায় চালুর বিষয়ে কাজ করছি। আশা করছি, অক্টোবরের মধ্যেই সরাসরি ফ্লাইট চালু সম্ভব হবে।”
অন্যদিকে, একই দিন রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, “পাকিস্তানের সঙ্গে সম্পর্ক পূর্ববর্তী সরকার ইচ্ছাকৃতভাবে ঝিমিয়ে রেখেছিল। আমরা চাই, তাদের সঙ্গে একটি স্বাভাবিক ও দায়িত্বশীল সম্পর্ক গড়ে উঠুক, যেমনটি আমাদের অন্য বন্ধুপ্রতিম রাষ্ট্রগুলোর সঙ্গে রয়েছে।”
তিনি বলেন, “পাকিস্তান দক্ষিণ এশিয়ার একটি গুরুত্বপূর্ণ প্রতিবেশী। তাদের সঙ্গে আমাদের সম্পর্ক ঐতিহাসিক ও বহুমাত্রিক। আজকের বৈঠকে আমি ও পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ভবিষ্যতের জন্য এই সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছি।”
সংবাদ সম্মেলনে একাত্তর ইস্যুতে বাংলাদেশের অবস্থান নিয়ে প্রশ্ন উঠলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, “আমরা একমত না। যদি একমত হতাম, তাহলে তো সমস্যার সমাধান হয়ে যেত। আমরা আমাদের অবস্থান তুলে ধরেছি, তারাও তাদেরটা বলেছে। তবে একটা বিষয়ে দুই পক্ষ একমত হয়েছি—এই বিষয়গুলো আলোচনার মাধ্যমেই সমাধান করতে হবে, যাতে এগুলো সম্পর্কের পথে বাধা না হয়।”
তিনি আরও বলেন, “আমরা তিনটি বিষয়ে নিজেদের অবস্থান তুলে ধরেছি। অন্তত একটি বিষয়ে দুই পক্ষ একমত হয়েছি, সেটি সমাধানের জন্য অগ্রাধিকার দিতে হবে। আমরা চাই, পাকিস্তানের সঙ্গে একটি স্বাভাবিক সম্পর্ক গড়ে উঠুক, যাতে পারস্পরিক আলোচনা ও সহযোগিতা সহজ হয়।”
এ সময় তিনি আশা প্রকাশ করেন, অর্থনৈতিক লেনদেনসহ সব ধরনের দ্বিপক্ষীয় ইস্যুতে সামনে অগ্রগতি দেখা যাবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ Mirror News