প্রিন্ট এর তারিখঃ May 11, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 7, 2025 ইং
মুনাফিকের পরিচয় ও ভয়াবহ শাস্তি

ইসলামের শিক্ষা অনুযায়ী শুধু আনুষ্ঠানিক ইবাদত পালন করলেই মুসলিম হওয়া যায় না। প্রকৃত মুসলিম হতে হলে আল্লাহ ও তাঁর রাসুল (সা.)-এর প্রতিটি কথার প্রতি দৃঢ় বিশ্বাস স্থাপন করতে হবে এবং সেই অনুযায়ী জীবনযাপন করতে হবে। যারা মুখে ঈমানের দাবি করে কিন্তু অন্তরে দৃঢ় বিশ্বাস রাখে না, ইসলামের পরিভাষায় তাদের বলা হয় মুনাফিক।
মুনাফিকরা মুসলিম সমাজের ভেতরেই বসবাস করে, নামাজে অংশ নেয়, সামাজিক মেলামেশা করে। কিন্তু তারা ইসলামের জন্য মারাত্মক ক্ষতিকর। পবিত্র কোরআনে তাদের বৈশিষ্ট্য বর্ণনা করে সতর্ক থাকতে বলা হয়েছে। সুরা বাকারা, আয়াত-৮ এ উল্লেখ আছে: “মানুষদের মাঝে কিছু লোক আছে যারা বলে, আমরা আল্লাহ ও পরকালে ঈমান এনেছি, আসলে তারা মোটেই ঈমানদার নয়।”
মুনাফিকরা বাহ্যিকভাবে ধর্মীয় পোশাক-আশাক ও মধুর কথাবার্তার মাধ্যমে নিজেদের লুকায়। সুরা মুনাফেকুন, আয়াত-৪ এ বলা হয়েছে: “তুমি যখন তাদের দিকে তাকাবে, তাদের দেহাবয়ব তোমাকে খুশি করবে এবং তারা কথা বললে তুমি তা শুনবে।” কিন্তু তাদের অন্তরে থাকে প্রতারণা ও ভণ্ডামি।
নামাজে তারা অলসতার সঙ্গে দাঁড়ায় এবং লোক দেখানোর জন্য ইবাদত করে। সুরা নিসা, আয়াত-১৪২-এ বলা হয়েছে: “মুনাফিকরা যখন নামাজে দাঁড়ায়, তখন আলস্য ভরে দাঁড়ায়, লোক দেখায় এবং আল্লাহকে অল্পই স্মরণ করে।”
কোরআনে মুনাফিকদের আরও বৈশিষ্ট্য তুলে ধরা হয়েছে—তারা অসৎ কাজে উৎসাহ দেয়, সৎকাজ থেকে বিরত রাখে, আল্লাহর পথে ব্যয় করতে কৃপণতা করে (সুরা তাওবা, আয়াত-৬৭)।
পরকালে মুনাফিকদের জন্য কঠোর শাস্তির ঘোষণা রয়েছে। সুরা নিসা, আয়াত-১৪৫ এ বলা হয়েছে: “মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে অবস্থান করবে।” একইভাবে সুরা তাওবা, আয়াত-৬৮ এ বলা হয়েছে: “মুনাফিক পুরুষ ও নারী এবং কাফেরদের জন্য জাহান্নামের ভয়াবহ আগুনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, যেখানে তারা চিরকাল থাকবে।”
ইসলামি দৃষ্টিতে, মুনাফিকরা পৃথিবীতে প্রতারণা ও বিভেদ সৃষ্টি করলেও পরকালে তাদের জন্য অপেক্ষা করছে জাহান্নামের কঠোর শাস্তি।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ Mirror News