প্রিন্ট এর তারিখঃ Apr 3, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 17, 2025 ইং
‘ভালো থাকুক বাংলাদেশ’, আদালতে বললেন ব্যারিস্টার সুমন

সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সায়েদুল হক সুমন বুধবার সকালে যাত্রাবাড়ীতে মো. রিয়াজ হত্যা মামলায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে বলেন, “দেশের যে পরিস্থিতি, ভালো থাকুক বাংলাদেশ। ভালো থাকুক বাংলাদেশ।” তিনি বারবার একই কথা পুনরায় বলেন।
এদিন কারাগার থেকে আদালতে হাজির করা হয় ব্যারিস্টার সুমনসহ মোট সাত আসামিকে। পুলিশ তাদের কঠোর নিরাপত্তার মধ্যে আদালতের হাজতখানায় নিয়ে আসে। হাজিরির সময় আসামিদের হাতে হাতকড়া, মাথায় হেলমেট এবং বুকে বুলেটপ্রুফ জ্যাকেট ছিল। শুনানি শেষে সকাল সোয়া ১০টার দিকে তাদের আবারও হাজতখানায় নেওয়া হয়।
মামলার অপর আসামিরা হলেন— সাবেক মন্ত্রী আমির হোসেন আমু, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, আনিসুল হক, আব্দুর রাজ্জাক এবং যাত্রাবাড়ী-৫ আসনের সাবেক সংসদ সদস্য কাজী মনিরুল ইসলাম মনু।
শুনানির সময় সাবেক মন্ত্রী আমির হোসেন আমুর জন্য তার আইনজীবী মহসিন রেজা আদালতে স্যান্ডউইচ ও ড্রাই ফুড আনার অনুমতি চেয়েছিলেন। তবে রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী এর বিরোধিতা করেন এবং আদালত অনুমতি দেননি। আইনজীবী মহসিন রেজা বলেন, “বয়স্ক এবং অসুস্থ আসামিকে নিয়মিত খাবার খেতে হয়। এজন্য তার পছন্দের খাবার আনা হয়।”
মামলার অভিযোগে বলা হয়েছে, জুলাই আন্দোলনের শেষ দিন ৫ আগস্ট যাত্রাবাড়ী থানার সামনে গুলিবিদ্ধ হয়ে মো. রিয়াজ মারা যান। এ ঘটনায় যাত্রাবাড়ী থানায় মামলা দায়ের করা হয়।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ Mirror News