প্রিন্ট এর তারিখঃ Apr 4, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 21, 2025 ইং
আজ শুভ মহালয়া

শুভ মহালয়ার মধ্য দিয়ে আজ আনুষ্ঠানিকভাবে শুরু হলো সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা।
রোববার (২১ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টায় চণ্ডীপাঠ, ঢাক–কাঁসর ও শঙ্খধ্বনির মধ্য দিয়ে দেবী দুর্গাকে মর্ত্যে আহ্বান জানানোর মাধ্যমে সারা দেশে শুরু হয়েছে দেবী বন্দনার মহাউৎসব।
মহালয়া মানেই পিতৃপক্ষের অবসান ও দেবীপক্ষের সূচনা। শ্রীশ্রী চণ্ডীপাঠের মধ্য দিয়ে দেবী দুর্গার আবাহনই মহালয়া হিসেবে পরিচিত। এই চণ্ডীতে বর্ণিত আছে দেবী দুর্গার সৃষ্টি ও মহিমার কাহিনি। ভক্তদের বিশ্বাস, এদিন থেকেই দশভুজা দেবী শক্তিরূপে মণ্ডপে মণ্ডপে অধিষ্ঠান নেবেন।
মহালয়া উপলক্ষে দেশজুড়ে বিভিন্ন মন্দির ও পূজামণ্ডপে ঘট স্থাপন ও বিশেষ পূজা অনুষ্ঠিত হচ্ছে। শারদীয় দুর্গাপূজার অবিচ্ছেদ্য অংশ হিসেবে মহালয়া শুধু দেবী আবাহনের দিন নয়, এটি সনাতন ধর্মাবলম্বীদের কাছে নতুন শুভ সময়ের সূচনাও।
প্রতিবছর শরৎকালে কৈলাস থেকে মা দুর্গার আগমনকে ঘিরে বাংলার গ্রাম থেকে শহর—সবখানেই সৃষ্টি হয় আনন্দ-উৎসবের পরিবেশ।
এই উপলক্ষে রাজধানীসহ দেশের সব পূজামণ্ডপ এখন সাজসজ্জায় আলোকোজ্জ্বল। ঢাকেশ্বরী জাতীয় মন্দির, রমনা কালীমন্দির, রাজারবাগ কালীমন্দির, রামকৃষ্ণ মিশনসহ প্রধান প্রধান মন্দিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। বেশির ভাগ মণ্ডপে প্রতিমা নির্মাণ শেষ পর্যায়ে, এখন চলছে রংতুলি ও সাজসজ্জার কাজ।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ Mirror News