
ত্রয়োদশ জাতীয় নির্বাচনের আগে জুলাই সনদ বাস্তবায়নে চলতি মাসেই গণভোট আয়োজনের দাবিতে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ করেছে পাঁচ ইসলামী দল। এর মধ্যে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও খেলাফত মজলিসসহ আরও দুটি দল অংশ নেয়।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকাল ১১টার দিকে পল্টন মোড়ে এই সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ড. আবদুল্লাহ মোহাম্মদ তাহের, ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমানসহ বিভিন্ন দলের নেতারা।
বক্তারা অভিযোগ করেন, সরকার গণভোটের বিষয়টি ইচ্ছাকৃতভাবে বিলম্বিত করছে এবং জনগণের মতামত উপেক্ষা করছে। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, “জুলাই সনদ বাস্তবায়নে জনগণের দাবি উপেক্ষা করা হলে আন্দোলন আরও তীব্র হবে।”
নেতারা আরও জানান, প্রয়োজনে নির্বাচন দুই মাস পিছিয়ে গণভোট আয়োজন করা যেতে পারে। তাদের দাবি—গণভোট ছাড়া নির্বাচন আয়োজন করা হলে সেটি জনগণের কাছে গ্রহণযোগ্য হবে না।