প্রিন্ট এর তারিখঃ Apr 3, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 18, 2025 ইং
বিএনপি প্রার্থীর গাড়ি ভাঙচুর মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার

বগুড়ার ধুনট উপজেলায় বিএনপির সাবেক এমপি গোলাম মোহাম্মদ সিরাজের গাড়ি বহরে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় করা মামলায় যুবলীগ নেতা বেলাল হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুরে তাকে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়।
এর আগে সোমবার রাত ৮টার দিকে ধুনটের গোসাইবাড়ি বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার বেলাল হোসেন পূর্বগুয়াডহরী গ্রামের আশরাফ আলীর ছেলে এবং উপজেলা যুবলীগের ত্রাণ বিষয়ক সম্পাদক।
মামলা সূত্রে জানা যায়, ২০১৮ সালের ১১ ডিসেম্বর নির্বাচনী গণসংযোগের সময় ধুনট শহরের কলাপট্টী এলাকায় বিএনপি প্রার্থী জিএম সিরাজের গাড়ি বহরে আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা চালায়। এতে দুটি জিপ, দুটি মাইক্রোবাস ভাঙচুর এবং ১০টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়। হামলায় বিএনপির অন্তত ২০ নেতাকর্মী আহত হন।
তৎকালীন সময়ে মামলা করতে গেলে তা গ্রহণ করা হয়নি। তবে রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের পর ২০২৪ সালের ৭ অক্টোবর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম শাহীন বাদী হয়ে মামলাটি করেন। এতে আওয়ামী লীগের ৪৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ২০০ থেকে ২৫০ জনকে আসামি করা হয়। বেলাল হোসেনকে ওই মামলায় অজ্ঞাত আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে।
ধুনট থানার ওসি সাইদুল আলম জানান, মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ Mirror News