প্রিন্ট এর তারিখঃ Apr 3, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 27, 2025 ইং
প্লট বরাদ্দে দুর্নীতির তিন মামলায় শেখ হাসিনার ২১ বছরের কারাদণ্ড

ঢাকার পূর্বাচল নতুন শহর প্রকল্পে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্লট বরাদ্দে দুর্নীতির তিনটি পৃথক মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনকে মোট ২১ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। প্রতিটি মামলায় তাদের সাত বছর করে সাজা দেওয়া হয়েছে।
পাঁচ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মো. আব্দুল্লাহ আল মামুন বৃহস্পতিবার দুপুর পৌনে ১২টায় রায় ঘোষণা করেন। মামলায় রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তি ২৩ নভেম্বর উপস্থাপন শেষ হয়।
শেখ হাসিনা, সজীব ওয়াজেদ জয় ও সায়মা ওয়াজেদ পুতুল ছাড়াও মামলার ২০ জন আসামি ছিলেন। এদের মধ্যে সাবেক গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, রাজউকের সাবেক চেয়ারম্যান মো. আনিছুর রহমান মিঞা, সাবেক সদস্য ও পরিচালকরা, জাতীয় গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা এবং প্রধানমন্ত্রীর সাবেক একান্ত সচিব মোহাম্মাদ সালাউদ্দিন রয়েছেন। গ্রেপ্তার হয়েছেন একমাত্র মোহাম্মদ খুরশীদ আলম।
এ মামলায় সাক্ষ্য গ্রহণ শেষ হয় ১৭ নভেম্বর। বিচার শুরুর আদেশ দেয়া হয় ৩১ জুলাই। প্রথম মামলায় ১২ জন, দ্বিতীয় মামলায় ১৭ জন এবং তৃতীয় মামলায় ১৮ জন আসামি ছিলেন।
দুর্নীতি দমন কমিশন (দুদক) গত জানুয়ারি মাসে এই ধরনের ছয়টি মামলা দায়ের করেছিল। আজ রায় ঘোষণার মধ্য দিয়ে তার তিনটি মামলার নিষ্পত্তি হলো।
এ সময়ের আগেই ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মানবতাবিরোধী একটি মামলায় শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের রায় দেন। অন্য আসামি, পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ Mirror News