প্রিন্ট এর তারিখঃ Apr 4, 2026 ইং || প্রকাশের তারিখঃ Dec 2, 2025 ইং
নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জামায়াতের জেলা আমির

হবিগঞ্জ–৪ (চুনারুঘাট–মাধবপুর) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা মুখলিছুর রহমান সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। সোমবার (১ ডিসেম্বর) তিনি প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দিয়ে কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী সাংবাদিক ওয়ালী উল্লাহ নোমানের প্রতি সমর্থন জানান।
মুখলিছুর রহমান জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য ও হবিগঞ্জ জেলা আমির। নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে তিনি জানান, প্রাথমিক মনোনয়ন পাওয়ার পর থেকে স্থানীয় নেতাকর্মীদের সহযোগিতায় প্রতিটি ইউনিয়নে গণসংযোগ ও প্রচারণা চালিয়েছেন।
তিনি লিখেছেন, “বৃহত্তর রাজনৈতিক বাস্তবতা ও সংগঠনের কৌশলগত বিবেচনায় কেন্দ্রীয় সিদ্ধান্তে ওয়ালী উল্লাহ নোমানকে প্রার্থী করা হয়েছে। আমি এ সিদ্ধান্তকে সম্মান জানাই এবং পূর্ণ সমর্থন দিচ্ছি।”
ব্যক্তিগত পদ বা মনোনয়ন নয়—ন্যায়নীতি, সুশাসন ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠাই তাদের লক্ষ্য উল্লেখ করে মুখলিছুর রহমান বলেন, তিনি ও তার সহকর্মীরা সংগঠনের পক্ষে মাঠে কাজ চালিয়ে যাবেন।
তিনি নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সংগঠনের সিদ্ধান্তকে অগ্রাধিকার দিয়ে সবাইকে ওয়ালী উল্লাহ নোমানের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তার মতে, “ঐক্যের শক্তিই দাঁড়িপাল্লাকে বিজয়ের পথে নিয়ে যাবে।”
© সকল কিছুর স্বত্বাধিকারঃ Mirror News