গাইবান্ধা জেলা প্রতিনিধি: পুষ্টি বৈষম্যের দিন শেষ, স্বনির্ভর বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধার সাদুল্লাপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান যথাযোগ্য মর্যাদায় অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৯ এপ্রিল) দুপুরে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শাহীনুল ইসলাম মণ্ডল। উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক গোলাম রাব্বানীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা জাতীয় পুষ্টি কমিটির সভাপতি মাহমুদুল হাসান।
প্রধান অতিথির বক্তব্যে মাহমুদুল হাসান বলেন, দেশের টেকসই উন্নয়নে পুষ্টির গুরুত্ব অপরিসীম। পুষ্টি বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি এবং সুষম খাদ্য গ্রহণের অভ্যাস গড়ে তুলতে সবাইকে একযোগে কাজ করতে হবে। তিনি আরও বলেন, অপুষ্টি দূরীকরণে সরকারি উদ্যোগের পাশাপাশি পরিবার ও সমাজের সম্মিলিত প্রচেষ্টা অত্যন্ত জরুরি।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সিরাজুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সম্ভু চরণ দাস, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, আরএমও দীপান্বিতা দাস, সাদুল্লাপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উম্মে হাবিবা এবং সাদুল্লাপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি শহিদুল হক।
বক্তারা পুষ্টি সচেতনতা বৃদ্ধিতে স্কুল পর্যায় থেকে কার্যক্রম জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি শিশু-কিশোরদের সঠিক খাদ্যাভ্যাস গড়ে তোলার আহ্বান জানান তারা।
অনুষ্ঠানের শুরুতেই উপজেলার অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে ফুড বক্স বিতরণ করা হয়, যা উপস্থিতদের মধ্যে মানবিকতার ইতিবাচক বার্তা ছড়িয়ে দেয়।
আলোচনা সভা শেষে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন, রচনা ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।পুরো আয়োজনটি ছিল উৎসবমুখর ও সুশৃঙ্খল। অংশগ্রহণকারীরা ভবিষ্যতে পুষ্টি বিষয়ক কার্যক্রম আরও বিস্তৃত ও গতিশীল করার প্রত্যাশা ব্যক্ত করেন।