ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে বিজেপির বড় জয়ের পর রাজ্যের বিভিন্ন এলাকায় মুসলিম সম্প্রদায়কে লক্ষ্য করে হামলা, ভাঙচুর ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ উঠেছে। বিভিন্ন স্থানীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
কোচবিহারের দিনহাটা উপজেলার চন্দরকুঠি এলাকায় মুসলিম পরিবারের বাড়িঘর ও সম্পত্তিতে হামলার অভিযোগ পাওয়া গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিওতে ভাঙচুরের দৃশ্য এবং উসকানিমূলক স্লোগান শোনা যায়।
এদিকে দিনহাটার একটি তাজমহল আদলে নির্মিত সেলফি পয়েন্টে অগ্নিসংযোগের ঘটনাও সামনে এসেছে। স্থানীয়দের দাবি, দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়ার সময় সাম্প্রদায়িক স্লোগান দেয়। পরে দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
দার্জিলিংয়ের জোর পোখরি এলাকায় একটি মসজিদের ছাদে উঠে গেরুয়া পতাকা টানানোর অভিযোগও উঠেছে। ঘটনাটিকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
অন্যদিকে উত্তর দিনাজপুরের ডালখোলায় মুসলিম মালিকানাধীন একটি বিরিয়ানির দোকানে হামলা ও ভাঙচুরের খবর পাওয়া গেছে। হামলায় দোকানের আসবাবপত্র ও মালামালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন মালিক।
এদিকে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী-র একটি মন্তব্য নিয়েও বিতর্ক তৈরি হয়েছে। নির্বাচনী জয়ের পর তিনি নন্দীগ্রামের হিন্দু ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বক্তব্য দেন, যা নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা চলছে।
বিশ্লেষকদের মতে, পশ্চিমবঙ্গের সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তন রাজ্যের সামাজিক ও সাম্প্রদায়িক পরিস্থিতিতে নতুন উত্তেজনা তৈরি করতে পারে। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় পর্যবেক্ষকরা।
নিউজ ডেস্ক