ঢাকা

‘জঙ্গি নাটক’ সাজিয়ে ৯ তরুণ হত্যা মামলার শুনানি পেছাল

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি : সংগৃহীত ছবি : সংগৃহীত
রাজধানীর কল্যাণপুরে জাহাজবাড়ি নামে এক ভবনে জঙ্গি নাটক সাজিয়ে ৯ তরুণকে হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আটজনের বিরুদ্ধে অভিযোগ গঠন নিয়ে শুনানির দিন ফের পেছানো হয়েছে। এবিষয়ে শুনানি ৭ জুন দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল।

বুধবার (৬ মে) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ দিন ধার্য করেন।
প্যানেলের অপর সদস্যরা হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।


প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর শাইখ মাহদী। তিনি মামলায় অভিযোগ গঠন শুনানির জন্য আরও এক মাস সময়ের আবেদন করেন। পরে আগামী ৭ জুন দিন নির্ধারণ করেন ট্রাইব্যুনাল।


চলতি বছরের ৬ এপ্রিল এ শুনানি হওয়ার কথা ছিল, তবে আবেদনের পরিপ্রেক্ষিতে তা পিছিয়ে দেন আদালত। গত ৮ মার্চ এ মামলায় পলাতক ছয় আসামির পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগের আবেদন করেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম।

এ মামলায় বর্তমানে গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন দুজন। তারা হলেন সাবেক আইজিপি একেএম শহিদুল হক ও ডিএমপির সাবেক কমিশনার মো. আসাদুজ্জামান মিয়া।


শেখ হাসিনাসহ পলাতক অন্যরা হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ডিএমপির তৎকালীন অতিরিক্ত কমিশনার শেখ মুহম্মদ মারুফ হাসান, তৎকালীন সিটিটিসি প্রধান মনিরুল ইসলাম, ডিএমপির তৎকালীন যুগ্ম কমিশনার (ক্রাইম) কৃষ্ণ পদ রায় ও তৎকালীন যুগ্ম কমিশনার (ডিবি) আব্দুল বাতেন। তাদের হাজির হতে গত ২২ ফেব্রুয়ারি দুটি জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন আদালত।
চলতি বছরের ২৯ জানুয়ারি প্রসিকিউশনের দেওয়া আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল।


প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, ২০১৬ সালের ২৫ জুলাই রাতে রাজধানীর কল্যাণপুরে জাহাজবাড়ি নামে পরিচিত একটি বাড়িতে কথিত জঙ্গি আস্তানায় অভিযান চালায় পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট। ‘অপারেশন স্ট্রম-২৬’ নামের ওই অভিযানে ৯ তরুণকে গুলি করে হত্যা করা হয়।




কমেন্ট বক্স