সারা বিশ্বে রেড ক্রস ও রেড ক্রিসেন্ট আন্দোলনের প্রতিষ্ঠাতা Henry Dunant–এর জন্মদিন উপলক্ষে প্রতি বছর ৮ মে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালন করা হয়ে থাকে। দীর্ঘদিনের এই আন্তর্জাতিক ঐতিহ্য অনুযায়ী বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়।
তবে এবার আন্তর্জাতিকভাবে ৮ মে দিবসটি পালনের প্রস্তুতি চললেও, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে ৭ মে প্রতিষ্ঠাবার্ষিকী ও দিবস পালনের উদ্যোগ নেওয়ায় বিভিন্ন মহলে প্রশ্ন ও সমালোচনার সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্টদের অনেকেই বলছেন, প্রতিষ্ঠাতার প্রকৃত জন্মদিন ৮ মে হওয়া সত্ত্বেও একদিন আগে দিবস পালন করা ইতিহাস, ঐতিহ্য ও আন্তর্জাতিক চর্চার সঙ্গে সাংঘর্ষিক।
সমালোচকরা দাবি করেন, এমন সিদ্ধান্ত সংগঠনের ভাবমূর্তি ও আন্তর্জাতিক ধারাবাহিকতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা ও প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই এটিকে “অযৌক্তিক” ও “দায়িত্বহীন সিদ্ধান্ত” বলে মন্তব্য করেছেন।
এদিকে বিভিন্ন সূত্রে জানা গেছে, শুক্রবার সরকারি ছুটির দিনে অফিস কার্যক্রম পরিচালনা এড়াতেই ৮ মের পরিবর্তে ৭ মে দিবসটি পালন করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে রেড ক্রিসেন্টের অভ্যন্তরেও অসন্তোষ দেখা দিয়েছে বলে জানা যায়।
রেড ক্রিসেন্টের কয়েকজন কর্মকর্তা ও স্বেচ্ছাসেবক জানান, দিবস পালনের তারিখ পরিবর্তনের বিষয়ে কেন্দ্রীয়ভাবে নির্দেশনা দেওয়া হয়েছে। তবে কেন আন্তর্জাতিকভাবে স্বীকৃত ৮ মে’র পরিবর্তে ৭ মে আয়োজন করা হচ্ছে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।
উল্লেখ্য, ১৮২৮ সালের ৮ ই মে সুইজারল্যান্ডে জন্মগ্রহণ করেন মানবতাবাদী নেতা Henry Dunant। তাঁর জন্মদিনকে স্মরণ করেই বিশ্বব্যাপী প্রতি বছর ৮ ই মে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত হয়ে আসছে।
নিউজ ডেস্ক