আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য টানা ৭ দিনের ছুটি অনুমোদন করেছে মন্ত্রিসভা। তবে ঈদের আগে ২৩ ও ২৪ মে অফিস খোলা থাকবে।
বৃহস্পতিবার (৭ মে) সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঈদুল আজহা উপলক্ষ্যে আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত সরকারি ছুটি থাকবে। এর আগে ২৩ ও ২৪ মে (শনি ও রোববার) যথারীতি অফিস খোলা থাকবে।
বৈঠকে ‘জাতীয় পাবলিক টয়লেট নীতিমালা ২০২৬’-এর খসড়াও অনুমোদন করা হয়। এটি স্থানীয় সরকার বিভাগের উদ্যোগে প্রণয়ন করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নীতিমালার মূল লক্ষ্য হলো সারাদেশে স্বাস্থ্যসম্মত ও মানসম্মত পাবলিক টয়লেট নিশ্চিত করা, পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বৃদ্ধি করা এবং নারী, শিশু, প্রতিবন্ধী, বয়স্ক ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য ব্যবহারবান্ধব সুবিধা নিশ্চিত করা। পাশাপাশি টয়লেট ব্যবস্থার দীর্ঘমেয়াদি কার্যকারিতা, সঠিক রক্ষণাবেক্ষণ ও অর্থায়ন নিশ্চিত করার কথাও এতে উল্লেখ রয়েছে।
এ ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠান ও বিভিন্ন মন্ত্রণালয়ের মাধ্যমে স্বাস্থ্যসম্মত টয়লেট ব্যবহার বিষয়ে সচেতনতা কার্যক্রম গ্রহণ, নারীদের জন্য পৃথক টয়লেট নির্মাণ বাধ্যতামূলক করা এবং বর্জ্য ব্যবস্থাপনায় পরিবেশ দূষণ রোধের বিষয়গুলোও নীতিমালায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
সড়ক ও মহাসড়কের উপযুক্ত স্থানে নারী ও পুরুষের জন্য পৃথক পাবলিক টয়লেট স্থাপনের উদ্যোগ গ্রহণের নির্দেশনাও দেওয়া হয়েছে। এসব বিষয় অন্তর্ভুক্ত করেই খসড়া নীতিমালাটি মন্ত্রিসভায় অনুমোদন পায়।
নিউজ ডেস্ক