এজলাসে হস্তক্ষেপ ঠেকাতে অ্যাটর্নি জেনারেলের নতুন নির্দেশনা
এজলাসে প্রভাব বিস্তারের অভিযোগের প্রেক্ষিতে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেলদের জন্য নতুন নির্দেশনা জারি করেছে অ্যাটর্নি জেনারেল কার্যালয়। নির্দেশনায় বলা হয়েছে, আদালত চলাকালীন সময়ে নিজ দায়িত্বপ্রাপ্ত আদালত ছাড়া অন্য কোনো আদালতে প্রবেশ করা যাবে না।
বুধবার অ্যাটর্নি জেনারেল কার্যালয় থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়। এতে অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজলের নির্দেশনার কথা উল্লেখ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভিন্ন আদালতে কর্মরত কিছু ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেল নিজ নিজ আদালত ত্যাগ করে অন্য আদালতে গিয়ে বিভিন্ন মামলায় প্রভাব বিস্তারের চেষ্টা করছেন এমন অভিযোগ অ্যাটর্নি জেনারেলের নজরে এসেছে।
এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট আইন কর্মকর্তাদের আদালত চলাকালীন সময়ে নিজ নিজ এজলাসেই অবস্থান করতে বলা হয়েছে। পাশাপাশি অন্য কোনো আদালতে অপ্রয়োজনীয়ভাবে না যাওয়ার জন্যও নির্দেশ দেওয়া হয়েছে।
অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. নাসির উদ্দিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
সংশ্লিষ্টদের মতে, আদালতের শৃঙ্খলা বজায় রাখা এবং বিচারিক কার্যক্রমে অযাচিত প্রভাব প্রতিরোধের লক্ষ্যেই এই নির্দেশনা জারি করা হয়েছে।
নিউজ ডেস্ক