রংপুর প্রতিনিধি: রংপুরের পীরগঞ্জ উপজেলা উপজেলার বড় আলমপুর ইউনিয়নের উমরপুর এলাকায় একটি সেচ ঘর থেকে মফিজার রহমান (৪৫) নামে এক কৃষকের পা বাঁধা রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৭ মে) সকালে এ ঘটনা জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
নিহত মফিজার রহমান স্থানীয় সেচ মেশিন মালিক মো. আমজাদ আলীর ছেলে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি রাতে নিজেদের বিএডিসির সেচ ট্রান্সমিটার পাহারার দায়িত্বে ছিলেন।
স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো বুধবার রাতেও মফিজার রহমান উমরপুর মাঠের সেচ ঘরে পাহারা দিতে যান। বৃহস্পতিবার সকালে শহিদুল ইসলাম নামে এক কৃষক গরু নিয়ে মাঠে গেলে সেচ ঘরের দরজা খোলা এবং ট্রান্সমিটার খুলে নেওয়া অবস্থায় দেখতে পান। পরে ঘরের ভেতরে গিয়ে তিনি মফিজার রহমানের পা বাঁধা রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন। তার চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসে।
স্থানীয়দের ধারণা, গভীর রাতে সংঘবদ্ধ চোরচক্র সেচ ট্রান্সমিটার চুরি করতে এসে বাধার মুখে মফিজার রহমানকে নির্মমভাবে হত্যা করে ট্রান্সমিটার নিয়ে পালিয়ে যায়।
খবর পেয়ে পীরগঞ্জ থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং তদন্ত শুরু করেন।
এ বিষয়ে পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, “উমরপুর এলাকায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। বিস্তারিত পরে জানানো হবে।”
এ ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ও শোকের পরিবেশ বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত হত্যাকারীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন
নিউজ ডেস্ক