ঢাকা

বিপিএলে ফিক্সিং ও বেটিং অভিযোগে ক্রিকেটারসহ ৫ জনের বিরুদ্ধে ব্যবস্থা

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি : সংগৃহীত ছবি : সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসরকে ঘিরে দুর্নীতি, বেটিং ও তদন্তে অসহযোগিতার অভিযোগে একজন ক্রিকেটার, দুই কর্মকর্তা, এক ফ্র্যাঞ্চাইজি সহ-মালিকসহ মোট পাঁচজনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বৃহস্পতিবার (৭ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিসিবি জানায়, তদন্তে দুর্নীতিমূলক কর্মকাণ্ড, তথ্য গোপন, প্রমাণ নষ্ট এবং অ্যান্টি-করাপশন ইউনিটের কাজে বাধা দেওয়ার প্রমাণ পাওয়া গেছে। এসব অভিযোগের ভিত্তিতে চারজনকে সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আনা অভিযোগের জবাব দিতে ১৪ দিনের সময় দেওয়া হয়েছে।

অভিযুক্তদের মধ্যে রয়েছেন টিম ম্যানেজার মো. লাবলুর রহমান। তার বিরুদ্ধে তদন্তে সহযোগিতা না করা এবং গুরুত্বপূর্ণ তথ্য ও যোগাযোগের রেকর্ড মুছে ফেলার অভিযোগ আনা হয়েছে।

ফ্র্যাঞ্চাইজি সহ-মালিক মো. তৌহিদুল হক তৌহিদের বিরুদ্ধে তদন্ত কর্মকর্তাদের চাওয়া তথ্য সরবরাহ না করা এবং প্রাসঙ্গিক তথ্য গোপন বা ধ্বংস করার অভিযোগ রয়েছে।

এ ছাড়া ঘরোয়া ক্রিকেটার অমিত মজুমদারের বিরুদ্ধে ম্যাচের ফলাফল বা ম্যাচসংক্রান্ত বিষয়ে সরাসরি কিংবা পরোক্ষভাবে বাজিতে জড়িত থাকার অভিযোগ উঠেছে।

টিম ম্যানেজার রেজওয়ান কবির সিদ্দিকীর বিরুদ্ধেও ক্রিকেট ম্যাচে বেটিং কার্যক্রমে সম্পৃক্ত থাকার অভিযোগ আনা হয়েছে।

অন্যদিকে, বিপিএলের নবম, দশম ও একাদশ আসরে দুর্নীতিমূলক কর্মকাণ্ড, ক্রিকেটারদের কুপ্রস্তাব দেওয়া এবং আন্তর্জাতিক জুয়াড়ি চক্রের সঙ্গে যোগাযোগের অভিযোগে সামিনুর রহমান নামে এক ব্যক্তির বিরুদ্ধে ‘বর্জন আদেশ’ জারি করেছে বিসিবি। বিসিবি জানিয়েছে, তিনি নিজের অপরাধ স্বীকার করেছেন এবং শাস্তি মেনে নিয়েছেন। ফলে ভবিষ্যতে বিসিবি সংশ্লিষ্ট কোনো কার্যক্রমে তিনি অংশ নিতে পারবেন না।

এদিকে বিপিএলের সাম্প্রতিক দুটি আসরে নানা অনিয়মের অভিযোগ তুলে ধরেছেন বর্তমান সভাপতি তামিম ইকবাল। তিনি দাবি করেন, কোনো আনুষ্ঠানিক চুক্তি ছাড়াই নোয়াখালী ও সিলেট দল অংশ নিয়েছিল। এছাড়া চট্টগ্রামের ফ্র্যাঞ্চাইজির দায়িত্ব বিসিবির নেওয়ার কারণে বোর্ডের ১৪ থেকে ১৬ কোটি টাকা ক্ষতি হয়েছে বলেও জানান তিনি।

তামিম আরও বলেন, ভবিষ্যতে খেলোয়াড়দের পারিশ্রমিক পরিশোধের দায়িত্ব আর বিসিবি নেবে না।




কমেন্ট বক্স