ঢাকা

যশোরে ২৬টি স্বর্ণের বারসহ তিন পাচারকারী আটক, সিজার মূল্য প্রায় সাড়ে ৬ কোটি টাকা

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি : মিরর নিউজ ছবি : মিরর নিউজ

শার্শা-বেনাপোল প্রতিনিধি: যশোর-নড়াইল মহাসড়কে অভিযান চালিয়ে ২৬টি স্বর্ণের বারসহ তিনজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় একটি প্রাইভেটকার, পাঁচটি মোবাইল ফোন ও নগদ টাকা জব্দ করা হয়। উদ্ধারকৃত মালামালের মোট সিজার মূল্য প্রায় ৬ কোটি ৫৮ লাখ ৭০ হাজার ৮৬৭ টাকা বলে জানিয়েছে বিজিবি।

বুধবার (৭ মে) ভোর সাড়ে ৪টার দিকে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর একটি বিশেষ আভিযানিক দল যশোর-নড়াইল মহাসড়কের নীলগঞ্জ ব্রিজ এলাকায় এ অভিযান পরিচালনা করে।

বিজিবি জানায়, সন্দেহভাজন একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে গাড়ির হেডরেস্টের ভেতরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৩ কেজি ৪৮ গ্রাম ওজনের ২৬টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এসময় গাড়িতে থাকা তিনজনকে আটক করা হয়।



আটককৃতরা হলেন— শার্শা উপজেলার রাজনগর গ্রামের রনি (৩৬)চৌগাছা উপজেলার উত্তর কয়েরপাড়া গ্রামের আব্দুল গনি (৫৪) এবং যশোর সদর উপজেলার বাগডাঙ্গা গ্রামের ইসরাইল (৪৬)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা বিজিবিকে জানিয়েছে, ঢাকার উত্তরা এলাকার একটি চোরাকারবারী চক্রের কাছ থেকে স্বর্ণের বার সংগ্রহ করে যশোরের চৌগাছা সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল।

বিজিবি আরও জানায়, উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক মূল্য ৬ কোটি ৩৯ লাখ ৪৭ হাজার ৪০ টাকা। এছাড়া জব্দ করা প্রাইভেটকারের মূল্য ১৮ লাখ ৫০ হাজার টাকা, পাঁচটি মোবাইল ফোনের মূল্য ৬৬ হাজার ৫০০ টাকা এবং নগদ ৭ হাজার ৩২৭ টাকা উদ্ধার করা হয়েছে।

আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের পর তাদের যশোর কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি বলেন, সাম্প্রতিক সময়ে সীমান্ত দিয়ে স্বর্ণ পাচারের প্রবণতা বেড়েছে। পাচার রোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলবে।



কমেন্ট বক্স