ঢাকা

আগুনে পুড়ে সর্বস্বান্ত কৃষকের বাড়িতে এমপি রায়হান সিরাজী

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি : মিরর নিউজ ছবি : মিরর নিউজ

গংগাচড়া (রংপুর) প্রতিনিধি: রংপুরের গংগাচড়া উপজেলার আলমবিদিতর ইউনিয়নের পাইকান ব্যাংকপাড়ায় অগ্নিকাণ্ডে সর্বস্বান্ত কৃষক শাহাজুল ইসলামের বাড়ি পরিদর্শন করেছেন রংপুর-১ আসনের সংসদ সদস্য রায়হান সিরাজী। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

বৃহস্পতিবার (৭ মে) বিকেলে তিনি ঘটনাস্থলে গিয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি তাদের সান্ত্বনা দেন এবং সকল বিপদ মুসিবতে আল্লাহর ওপর তাওয়াক্কুল করার পরামর্শ দেন। 

স্থানীয় সূত্রে জানা গেছে, গত কাল বুধবার দুপুরে কালবৈশাখী ঝড়ের সময় বৈদ্যুতিক তারে বজ্রপাত হলে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে পাইকান ব্যাংকপাড়ার মৃত আব্দুর রশিদের ছেলে শাহাজুল ইসলামের বাড়িতে। 


এতে ঘরে মজুত থাকা তামাক, গোলায় রাখা ধান, দুটি টিনের ঘর, স্বর্ণালঙ্কার, নগদ অর্থসহ প্রয়োজনীয় মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এতে পরিবারটি ব্যাপক ক্ষতির মুখে পড়ে।
ঘটনাস্থল পরিদর্শন শেষে সংসদ সদস্য রায়হান সিরাজী বলেন, ‘প্রাকৃতিক দুর্যোগে এ ধরনের ক্ষয়ক্ষতি অত্যন্ত দুঃখজনক। ক্ষতিগ্রস্ত পরিবারকে ধৈর্য ধরতে হবে। তাদের পাশে থাকার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করব।’

ক্ষতিগ্রস্ত কৃষক শাহাজুল ইসলামের স্ত্রী পারভিন বেগম বলেন, ‘আমাদের এই দুর্দিনে এমপি সাহেব পাশে এসে খোঁজখবর নিয়েছেন। তার এই সহমর্মিতায় আমরা কৃতজ্ঞ।’

এ সময় উপস্থিত ছিলেন গংগাচড়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা মো. নায়েবুজ্জামান, উপজেলা সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হালিম, আলমবিদিতর ইউনিয়ন আমীর মাওলানা সামিউল ইসলাম, সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী মো. রিয়াদ মিয়া, ইউনিয়ন সমাজকল্যাণ সম্পাদক আব্দুল মতিনসহ স্থানীয় নেতারা।



কমেন্ট বক্স