ঢাকা

ওয়াশিংটন–তেহরান উত্তেজনায় আলোচনার সম্ভাবনা দেখছেন কাতার

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি : সংগৃহীত ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা ও সংঘাত নিরসনে কূটনৈতিক সমাধানের সম্ভাবনা দেখছেন কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান বিন জসিম আল থানি। মধ্যপ্রাচ্যের এই সংকট নিরসনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল শেষ পর্যন্ত একটি কার্যকর সমাধানে পৌঁছাবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেছেন।

সম্প্রতি সংবাদমাধ্যম আল-আরাবি আল-জাদিদকে দেওয়া এক সাক্ষাৎকারে কাতারের প্রধানমন্ত্রী বলেন, যেকোনো সম্ভাব্য মার্কিন–ইরান চুক্তিতে অবশ্যই এই অঞ্চলের দেশগুলোসহ সমগ্র বিশ্বের স্বার্থ বিবেচনায় নিতে হবে।

তিনি আরও জানান, কাতার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে যোগাযোগ বজায় রাখছে। তার ভাষায়, তেহরান ও ওয়াশিংটনের অবস্থানে পার্থক্য থাকলেও একটি কূটনৈতিক সমাধানের পথ বের হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে।

শেখ মোহাম্মদ বলেন, দুই দেশের মধ্যে পরোক্ষভাবে বার্তা আদান-প্রদানে ইতিবাচক অগ্রগতি হচ্ছে এবং কিছু নির্দিষ্ট ইঙ্গিতও পাওয়া যাচ্ছে। তবে তিনি সতর্ক করে বলেন, এই বিষয়ে আশাবাদ ব্যক্ত করলেও তা অত্যন্ত সাবধানতার সঙ্গে করতে হচ্ছে।

বিশেষজ্ঞদের মতে, মধ্যপ্রাচ্যে দীর্ঘদিন ধরে কাতার যে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে আসছে, এই বক্তব্য সেই ধারাবাহিকতারই প্রতিফলন। তবে ওয়াশিংটন ও তেহরানের দীর্ঘদিনের বৈরিতা কতটা কমবে, তা এখনও অনিশ্চিত।

সূত্র: আল জাজিরা




কমেন্ট বক্স