ঢাকা

সরকার গঠন না হলে গণ-ইস্তফার হুঁশিয়ারি টিভিকের

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি : সংগৃহীত ছবি : সংগৃহীত

তামিলনাড়ুর রাজনীতিতে নাটকীয় মোড়। অভিনেতা বিজয়ের নেতৃত্বাধীন দল তামিলাগা ভেট্রি কাজগম (টিভিকে) জানিয়ে দিয়েছে, ডিএমকে বা এআইএডিএমকে সরকার গঠনের চেষ্টা করলে তাদের দলের ১০৭ জন বিধায়ক একযোগে পদত্যাগ করবেন। একক বৃহত্তম দল হওয়া সত্ত্বেও সরকার গঠনের জন্য রাজ্যপালের আমন্ত্রণ না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন বিজয় অনুগামীরা।

এবারের বিধানসভা নির্বাচনে টিভিকে ১০৮টি আসনে জয়লাভ করে। বিজয় নিজে দুটি আসনে জয়ী হওয়ায় দলের বর্তমান বিধায়ক সংখ্যা ১০৭। একক বৃহত্তম দল হিসেবে সরকার গঠনের দাবি নিয়ে তারা রাজ্যপাল আর.ভি. আরলেকারের সঙ্গে সাক্ষাৎ করলেও সেই দাবি খারিজ করা হয়েছে। রাজভবনের মতে, সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ১১৮ জন বিধায়কের সমর্থন টিভিকের কাছে নেই এবং স্থায়ী সরকার গঠনের মতো সংখ্যাগরিষ্ঠতা তারা প্রমাণ করতে পারেনি।

টিভিকে শিবিরের অভিযোগ, জনমত উপেক্ষা করে পর্দার আড়ালে ডিএমকে এবং এআইএডিএমকে জোট বাঁধার চেষ্টা করছে। তাদের দাবি, জনপ্রিয় ভোট পাওয়ার পরও টিভিকেকে সরকার গঠন থেকে বিরত রাখতে এই দুই দল একসঙ্গে কাজ করছে। পরিস্থিতি এমন হলে গণ-ইস্তফার হুঁশিয়ারিও দিয়েছে টিভিকে বিধায়করা। একই সঙ্গে বাম দল ও কয়েকটি ছোট দলের সঙ্গে আলোচনা চালাচ্ছেন বিজয়, যাতে সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করা যায়।

অন্যদিকে পরিস্থিতি মোকাবিলায় জরুরি বৈঠক ডেকেছে ডিএমকে। দলের সব বিধায়ককে চেন্নাইয়ে থাকার নির্দেশ দেওয়া হয়েছে এবং দলীয় প্রধান এম.কে. স্ট্যালিনকে যেকোনো জরুরি সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছে। ডিএমকে জানিয়েছে, তাদের লক্ষ্য রাজ্যে স্থিতিশীল সরকার গঠন ও পুনঃনির্বাচন এড়ানো।

এখন নজর রাজ্যপালের সিদ্ধান্তের দিকে—তিনি কাকে সরকার গঠনের আহ্বান জানান, নাকি তামিলনাড়ু আবারও নতুন নির্বাচনের পথে হাঁটে।



সূত্র: এনডিটিভি



কমেন্ট বক্স