ঢাকা

হরমুজ পেরিয়ে ফের অবরোধ মিশনে মার্কিন ডেস্ট্রয়ার

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি: সংগৃহীত ছবি: সংগৃহীত

পারস্য উপসাগরের অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালিতে নতুন করে উত্তেজনা ছড়িয়ে আরও একটি মার্কিন ডেস্ট্রয়ার মধ্যপ্রাচ্যে চলমান নৌ-অবরোধ অভিযানে যোগ দিয়েছে। একইসঙ্গে তিনটি মার্কিন যুদ্ধজাহাজ সফলভাবে হরমুজ অতিক্রম করেছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

শুক্রবার (৮ মে) ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, ইরানের পক্ষ থেকে একাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হলেও মার্কিন জাহাজগুলো নিরাপদে হরমুজ প্রণালি পার হতে সক্ষম হয়েছে। তিনি দাবি করেন, মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থা আকাশেই ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে এবং ড্রোনগুলো ভূপাতিত করা হয়েছে।

ট্রাম্প আরও বলেন, হামলার মুখেও মার্কিন ডেস্ট্রয়ারগুলোর কোনো ক্ষয়ক্ষতি হয়নি। বরং পাল্টা প্রতিরোধে ইরানি হামলাকারীদের বড় ধরনের ক্ষতি হয়েছে। বর্তমানে যুদ্ধজাহাজগুলো তাদের নির্ধারিত অবস্থানে পৌঁছে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক অবরোধ কার্যক্রমে অংশ নিচ্ছে।

মার্কিন প্রেসিডেন্ট তার নৌসেনাদের প্রশংসা করে তাদের ‘বিশ্বমানের’ বলে উল্লেখ করেন। একই সঙ্গে ইরানের বিরুদ্ধে তীব্র ভাষায় সমালোচনা করে বলেন, একটি ‘স্বাভাবিক দেশ’ কখনও আন্তর্জাতিক নৌপথে এ ধরনের হামলা চালাত না।

ট্রাম্প দাবি করেন, ইরান পারমাণবিক অস্ত্র অর্জন করলে তা ব্যবহার করতে দ্বিধা করবে না। তাই তেহরানের বিরুদ্ধে কঠোর অবস্থান অব্যাহত থাকবে বলেও ইঙ্গিত দেন তিনি। পাশাপাশি দ্রুত নতুন চুক্তিতে সম্মত না হলে ইরানের বিরুদ্ধে আরও কঠোর সামরিক পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারিও দেন।

গত কয়েকদিন ধরে হরমুজ প্রণালিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি অবস্থান উত্তেজনা আরও বাড়িয়েছে। আন্তর্জাতিক জ্বালানি পরিবহনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নৌপথে সামরিক সংঘাতের আশঙ্কা বিশ্ববাজারেও উদ্বেগ তৈরি করেছে।

বিশ্লেষকদের মতে, ট্রাম্পের কড়া বার্তা এবং হরমুজে সরাসরি সামরিক উত্তেজনা মধ্যপ্রাচ্যে বড় ধরনের সংঘাতের ঝুঁকি আরও বাড়িয়ে তুলেছে। এখন ইরানের আনুষ্ঠানিক প্রতিক্রিয়ার দিকে নজর রাখছে আন্তর্জাতিক মহল।



কমেন্ট বক্স