মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানবিষয়ক দাবির সঙ্গে সাংঘর্ষিক একটি গোয়েন্দা মূল্যায়ন সামনে এনেছে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ। সংস্থাটির গোপন প্রতিবেদনে বলা হয়েছে, হরমুজ প্রণালীতে কঠোর নৌ-অবরোধ চললেও ইরান আরও অন্তত তিন থেকে চার মাস কার্যকরভাবে টিকে থাকতে সক্ষম হবে।
বৃহস্পতিবার (৮ মে) মার্কিন সংবাদমাধ্যম ‘ওয়াশিংটন পোস্ট’-এর এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়। প্রতিবেদনে বলা হয়, হোয়াইট হাউস দাবি করেছিল মার্কিন ও ইসরায়েলি হামলায় ইরানের সামরিক শক্তি ব্যাপকভাবে দুর্বল হয়ে পড়েছে।
গত বুধবার ওভাল অফিসে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা এখন মাত্র ১৮ থেকে ১৯ শতাংশে নেমে এসেছে। তবে সিআইএ’র মূল্যায়নে উঠে এসেছে ভিন্ন তথ্য। গোয়েন্দা বিশ্লেষণে বলা হয়েছে, ইরানের মোবাইল ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণযানের প্রায় ৭৫ শতাংশ এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মজুদের ৭০ শতাংশ এখনো অক্ষত রয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়, ইরান ক্ষতিগ্রস্ত ভূগর্ভস্থ অস্ত্রভাণ্ডার পুনরায় সচল করতে সক্ষম হয়েছে এবং অবরোধ চলাকালেও নতুন ক্ষেপণাস্ত্র উৎপাদন অব্যাহত রেখেছে।
গোয়েন্দা কর্মকর্তাদের মতে, ইরানের অর্থনীতিকে কার্যকরভাবে চাপে ফেলতে হলে অন্তত ৯০ থেকে ১২০ দিন অবরোধ বজায় রাখতে হবে। তবে কিছু বিশ্লেষকের ধারণা, ইরানের প্রতিরোধ ও সংকট মোকাবিলার সক্ষমতা সিআইএ’র হিসাবের চেয়েও বেশি হতে পারে।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি সংঘাত শুরুর পর থেকে হরমুজ প্রণালী দিয়ে তেল ও পণ্য পরিবহন কার্যত বন্ধ রয়েছে। যুক্তরাষ্ট্র এই অবরোধকে ‘ইকোনমিক ফিউরি’ হিসেবে আখ্যা দিলেও নতুন গোয়েন্দা রিপোর্ট ট্রাম্প প্রশাসনের অবস্থানকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে।
নিউজ ডেস্ক