ইন্দোনেশিয়ার হালমাহেরা দ্বীপে অবস্থিত মাউন্ট ডুকোনো আগ্নেয়গিরির ভয়াবহ অগ্ন্যুৎপাতে তিনজন নিহত হয়েছেন এবং অন্তত ২০ জন পর্বতারোহী নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের উদ্ধারে দেশটির উদ্ধারকারী দল ও আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালাচ্ছে।
শুক্রবার এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় সকাল ৭টা ৪১ মিনিটে আগ্নেয়গিরিটি হঠাৎ সক্রিয় হয়ে ওঠে। ইন্দোনেশিয়ার সেন্টার ফর ভলকানোলজি অ্যান্ড জিওলজিক্যাল হ্যাজার্ড মিটিগেশন জানিয়েছে, অগ্ন্যুৎপাতের সময় প্রায় ১০ কিলোমিটার উঁচু পর্যন্ত ছাইয়ের বিশাল স্তম্ভ আকাশে ছড়িয়ে পড়ে।
বিস্ফোরণের সময় বিকট শব্দে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা নিরাপদ আশ্রয়ে সরে যান।
উদ্ধারকারী সংস্থার প্রধান ইওয়ান রামদানি জানিয়েছেন, নিখোঁজ ২০ জন পর্বতারোহীর সন্ধানে কয়েক ডজন উদ্ধারকর্মী কাজ করছে। তাদের মধ্যে নয়জন সিঙ্গাপুরের নাগরিক রয়েছেন বলে জানা গেছে।
এএফপির তথ্য অনুযায়ী, উত্তর হালমাহেরার পুলিশ প্রধান জানিয়েছেন, নিহত তিনজনের মধ্যে দুজন বিদেশি নাগরিক।
এর আগে আগ্নেয়গিরিটির সক্রিয়তা বৃদ্ধি পাওয়ায় গত ১৭ এপ্রিল থেকেই পর্যটকদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছিল। কর্তৃপক্ষ ক্রেটার এলাকা থেকে অন্তত চার কিলোমিটার দূরে থাকার নির্দেশনা দিয়েছিল।
অগ্ন্যুৎপাতের ফলে ছাই উত্তর দিকে ছড়িয়ে পড়ায় টোবেলো শহরে সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি পাথর ছিটকে পড়া ও লাভার প্রবাহের ঝুঁকি নিয়ে স্থানীয়দের সতর্ক থাকতে বলা হয়েছে।
নিউজ ডেস্ক