বিরোধীদল সরকারের সমালোচনা করবে, তবে তা অবশ্যই গঠনমূলক হতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
শনিবার (৯ মে) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে বিএনপির মতবিনিময় সভার প্রস্তুতি পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। আগামী সভায় বিএনপি ও এর অঙ্গসংগঠন যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের জেলা ও মহানগর পর্যায়ের নেতারা অংশ নেবেন।
রিজভী জানান, অনুষ্ঠানে দলের চেয়ারম্যান তারেক রহমান প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যোগ দেবেন। পাশাপাশি মহাসচিবসহ কেন্দ্রীয় নেতারাও উপস্থিত থাকবেন। সভায় সারাদেশের নেতারা সাংগঠনিক পরিস্থিতি ও সরকারের বিভিন্ন কার্যক্রম নিয়ে মতামত তুলে ধরবেন।
তিনি বলেন, গণতন্ত্রে সরকার তার কাজ করবে এবং বিরোধীদল সমালোচনা করবে, এটাই স্বাভাবিক প্রক্রিয়া। তবে সেই সমালোচনা যেন গঠনমূলক হয়, সেটিই গুরুত্বপূর্ণ। সরকারের ভুল থাকলে তা তুলে ধরলে গণতন্ত্র আরও শক্তিশালী হয়।
রিজভী আরও বলেন, উদ্দেশ্যমূলকভাবে সরকারকে বিপদে ফেলার চেষ্টা বা মিথ্যা তথ্য প্রচার গণতান্ত্রিক আচরণ নয়, বরং তা ষড়যন্ত্রের শামিল।
তিনি দাবি করেন, জনগণই চূড়ান্ত বিচারক। আসন্ন রাজনৈতিক পরিস্থিতিতে জনগণই নির্ধারণ করবে সরকার সঠিকভাবে দায়িত্ব পালন করছে কি না।
নিউজ ডেস্ক