ঢাকা

সুনামগঞ্জে দু’পক্ষের সংঘর্ষ থামাতে গিয়ে এমপি আহত

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি: সংগৃহীত ছবি: সংগৃহীত
সুনামগঞ্জের জাউয়াবাজার এলাকায় জমি বিক্রয় সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার (৮ মে) সন্ধ্যায় শুরু হওয়া এই সংঘর্ষে নারী-পুরুষসহ অন্তত অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

সংঘর্ষ চলাকালে সিলেট থেকে সুনামগঞ্জে ফিরছিলেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল। সড়কে সংঘর্ষের দৃশ্য দেখে তিনি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে নিয়ে পরিস্থিতি শান্ত করার জন্য সামনে এগিয়ে যান। দুই পক্ষের সাথে কথা বলে তাদের নিবৃত্ত করার চেষ্টা করার সময় তিনি হাত ও পায়ে আঘাত পান। পরবর্তীতে তিনি সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেছেন।

স্থানীয়রা জানান, একটি জমি বিক্রয়ের বিরোধকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরেই ওই দুটি পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছিল। শুক্রবার সন্ধ্যার পর সেই উত্তেজনা চরমে পৌঁছালে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ধাওয়া-পাল্টাধাওয়া ও ভয়াবহ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে আহত ব্যক্তিদের স্থানীয় বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে তা শান্ত করতে জাউয়াবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ কবিরের নেতৃত্বে পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পরবর্তীতে ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান তালুকদারের নেতৃত্বে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। এর পাশাপাশি শান্তিগঞ্জ উপজেলা সেনাবাহিনী ক্যাম্পের সদস্যরাও ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যৌথ ও তাৎক্ষণিক তৎপরতায় বর্তমানে ওই এলাকার পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়ে এসেছে। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখার পাশাপাশি টহল জোরদার করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে এলাকার সবাইকে শান্ত থাকার জন্য আহ্বান জানানো হয়েছে।

ঘটনার বিষয়ে সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল জানান, সিলেট থেকে সুনামগঞ্জ আসার পথে এই সংঘর্ষের ঘটনা দেখতে পেয়ে তিনি তা থামানোর চেষ্টা করেন এবং সেসময়ই তিনি পায়ে ও হাতে আঘাত পেয়েছেন।



কমেন্ট বক্স