ঢাকা

চলন্ত বাসে দুই চালকের কথোপকথনে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ১

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি: সংগৃহীত ছবি: সংগৃহীত

চট্টগ্রামের লোহাগাড়ায় কক্সবাজার–চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এক নারী যাত্রী নিহত হয়েছেন এবং অন্তত ১০ জন আহত হয়েছেন। ঘটনাটি ঘটে শনিবার (৯ মে) বেলা ১১টার দিকে উপজেলার ফোর সিজন এলাকায়।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, কক্সবাজারগামী এবং চট্টগ্রামগামী একই পরিবহনের দুটি বাস একে অপরের বিপরীত দিক থেকে আসছিল। এ সময় চলন্ত অবস্থায় দুই চালকের মধ্যে কথোপকথন ও অসতর্কতার কারণে বাস দুটি নিয়ন্ত্রণ হারায়। মুহূর্তেই দুই বাস মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং সড়কের পাশে থাকা গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়।

এ দুর্ঘটনায় ঘটনাস্থলেই এক নারী যাত্রী মারা যান। তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানা যায়নি। আহতদের মধ্যে অন্তত ১০ জন যাত্রীকে উদ্ধার করা হয়, যাদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে উদ্ধারকারী দল। অনেকের হাত ও পায়ে গুরুতর জখম হয়েছে।

লোহাগাড়া ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ ফিরোজ খান জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পর দ্রুত উদ্ধার অভিযান শুরু করা হয়। বাসের ভেতরে ও নিচে আটকে পড়া যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। তিনি আরও জানান, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা সংকটাপন্ন।

পরবর্তীতে স্থানীয় ফায়ার সার্ভিস, পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রমে অংশ নেন। তাদের সহায়তায় মহাসড়কের যান চলাচল ধীরে ধীরে স্বাভাবিক করা হয়।

দোহাজারী হাইওয়ে পুলিশের পরিদর্শক মো. সাত্তার বলেন, দুর্ঘটনার পর দুটি বাসই মহাসড়কের পাশে রাখা হয়েছে। আহতদের চিকিৎসা চলছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। তারা বলছেন, চালকদের অসতর্কতা এবং দায়িত্বহীন আচরণের কারণেই বারবার মহাসড়কে প্রাণঘাতী দুর্ঘটনা ঘটছে। কর্তৃপক্ষের কঠোর নজরদারি ও শাস্তিমূলক ব্যবস্থা না থাকলে এমন দুর্ঘটনা কমানো কঠিন হবে বলে মনে করছেন তারা।



কমেন্ট বক্স