বলিউডের জনপ্রিয় দুই তারকা শাহরুখ খান ও প্রিয়াঙ্কা চোপড়াকে ঘিরে বহু পুরনো গুঞ্জন আবারও নতুন করে আলোচনায় এসেছে। বিশেষ করে কানাডার টরন্টোয় তাদের গোপনে বিয়ে করার দাবি ঘিরে সামাজিক মাধ্যমে শুরু হয়েছে নতুন চর্চা।
সম্প্রতি প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস তাদের কন্যাসন্তানের খবর প্রকাশ্যে আনার পর থেকেই অভিনেত্রীর ব্যক্তিজীবন নিয়ে বাড়তে থাকে আগ্রহ। আর সেই সূত্র ধরেই ফের সামনে আসে শাহরুখ-প্রিয়াঙ্কার সম্পর্ক নিয়ে পুরনো নানা আলোচনা।
বলিপাড়ায় দীর্ঘদিন ধরেই শোনা যায়, ক্যারিয়ারের শুরুর দিকে শাহরুখ খানের সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি হয়েছিল প্রিয়াঙ্কা চোপড়ার। যদিও এ বিষয়ে কখনও প্রকাশ্যে কিছু স্বীকার করেননি তারা। শাহরুখ বরাবরই প্রিয়াঙ্কাকে সহশিল্পী ও ভালো বন্ধু বলেই উল্লেখ করেছেন।
২০০৬ সালে মুক্তিপ্রাপ্ত ‘ডন’ সিনেমায় প্রথমবার জুটি বাঁধেন তারা। পরে ‘ডন টু’ সিনেমার সময় তাদের ঘনিষ্ঠতা আরও বাড়ে বলে বিভিন্ন মহলে গুঞ্জন ছড়ায়। শুটিংয়ের বাইরেও একাধিকবার একসঙ্গে দেখা যাওয়ার খবর প্রকাশ হয়েছিল বিভিন্ন গণমাধ্যমে।
এ সময় প্রিয়াঙ্কাকে বিভিন্ন সিনেমায় নেওয়ার জন্য শাহরুখ নাকি ব্যক্তিগতভাবে অনুরোধ করেছিলেন বলেও শোনা যায়। একই সঙ্গে তাদের ব্যক্তিগত সম্পর্ক নিয়েও শুরু হয় জোর আলোচনা।
এসব ঘটনায় শাহরুখের স্ত্রী গৌরী খানের প্রতিক্রিয়া নিয়েও বলিউডে কম আলোচনা হয়নি। এমনকি পরবর্তীতে প্রিয়াঙ্কার সঙ্গে কাজ না করার সিদ্ধান্তের পেছনেও ব্যক্তিগত কারণ ছিল বলে মনে করেন অনেকে।
এর মধ্যেই ছড়িয়ে পড়ে আরেকটি চাঞ্চল্যকর গুঞ্জন, টরন্টোয় নাকি গোপনে বিয়ে করেছিলেন শাহরুখ খান ও প্রিয়াঙ্কা চোপড়া। তবে এ বিষয়ে কখনও কোনো নির্ভরযোগ্য প্রমাণ বা আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
বর্তমানে দুজনেই নিজেদের ক্যারিয়ার নিয়ে ব্যস্ত সময় পার করছেন। ‘ডন টু’ সিনেমার পর থেকে প্রকাশ্যে তাদের দূরত্বই বেশি চোখে পড়েছে। তবুও সময়ের সঙ্গে সঙ্গে পুরনো এই সম্পর্কের গুঞ্জন নতুন করে ফিরে আসে আলোচনায়।
নিউজ ডেস্ক