ঢাকা

বাংলাদেশ থেকে সৌদিতে পৌঁছেছেন ৫০ হাজার হজযাত্রী, মৃত্যু ১২ জনের

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি : সংগৃহীত ছবি : সংগৃহীত

পবিত্র হজ ২০২৬ উপলক্ষে বাংলাদেশ থেকে সৌদি আরবে হজযাত্রীদের যাত্রা অব্যাহত রয়েছে। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা পোর্টালের আইটি হেল্পডেস্কের সর্বশেষ বুলেটিন অনুযায়ী, ৮ মে (সৌদি সময়) পর্যন্ত মোট ৫০ হাজার ৯৬ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।

এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৪ হাজার ৭১ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৪৬ হাজার ২৫ জন।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। চলতি বছরের হজ ফ্লাইট শুরু হয় ১৮ এপ্রিল থেকে। এখন পর্যন্ত মোট ১২৮টি ফ্লাইট পরিচালনা করা হয়েছে।

এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালনা করেছে ৫৯টি ফ্লাইট, সৌদি এয়ারলাইন্স ৪৭টি এবং ফ্লাইনাস পরিচালনা করেছে ২২টি ফ্লাইট।

যাত্রী পরিবহনের হিসাবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বহন করেছে ২৩ হাজার ৫৯১ জন, সৌদি এয়ারলাইন্স ১৭ হাজার ৬৪৬ জন এবং ফ্লাইনাস ৮ হাজার ৮৫৯ জন হজযাত্রী।

সৌদি আরবে স্থাপিত চিকিৎসা কেন্দ্রগুলো থেকে এ পর্যন্ত ১৮ হাজার ৯৮৭টি স্বয়ংক্রিয় চিকিৎসা ব্যবস্থাপত্র দেওয়া হয়েছে। পাশাপাশি আইটি হেল্পডেস্ক দিয়েছে ১৩ হাজার ১১টি সেবা।

এদিকে, বাংলাদেশ থেকে যাওয়া হজযাত্রীদের মধ্যে এ বছর এখন পর্যন্ত ১২ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ১০ জন পুরুষ ও ২ জন নারী। মৃতদের মধ্যে ১০ জন মক্কায় এবং ২ জন মদিনায় মারা গেছেন।

সর্বশেষ মারা গেছেন যশোরের মো. আব্দুল মতিন (৫৩)।

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, হজযাত্রীদের সৌদি আরবে যাওয়ার শেষ ফ্লাইট আগামী ২১ মে। আর হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে ৩০ মে থেকে। শেষ ফিরতি ফ্লাইট পরিচালিত হবে ৩০ জুন।



কমেন্ট বক্স