সীমান্ত হত্যা এবং পুশইন ইস্যু নিয়ে নিজেদের অবস্থান পর্যালোচনা করা হচ্ছে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমীর শফিকুর রহমান। তিনি বলেন, ভারতের প্রতি সব ধর্ম ও মতের মানুষের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানানো হচ্ছে।
শনিবার (৯ মে) সাত দিনের জাপান ও থাইল্যান্ড সফর শেষে দেশে ফিরে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
তিনি আরও জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত কয়েকটি অসম চুক্তি পর্যালোচনার আওতায় আনা হয়েছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে আগামীকাল (রোববার) থেকেই সরাসরি মাঠে নামার কথাও জানান তিনি।
শফিকুর রহমান বলেন, বাংলাদেশে একটি ক্যান্সার ইন্সটিটিউট ও হাসপাতাল স্থাপনের বিষয়ে জাপানকে প্রস্তাব দেওয়া হয়েছে এবং তারা ইতিবাচক সাড়া দিয়েছে। থাইল্যান্ডে চিকিৎসাধীন জুলাই আন্দোলনের আহতদের সঙ্গে আলোচনায় তারা গণভোটের পূর্ণ বাস্তবায়নের দাবি জানিয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।
এছাড়া গাজীপুরে একই পরিবারের পাঁচজনকে হত্যার ঘটনায় নিন্দা জানিয়ে তিনি বলেন, সরকারকে আইনশৃঙ্খলা পরিস্থিতির দিকে আরও মনোযোগী হতে হবে।
নিউজ ডেস্ক