ইবি প্রতিনিধি: পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন পরবর্তী বিজেপির হিন্দুত্ববাদী ও ধর্মীয় সাম্প্রদায়িক সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সংসদ। শনিবার (৯ মে) শাখা ছাত্র ইউনিয়নের সভাপতি নুর আলম ও সাধারণ সম্পাদক আহমেদ গালিব এক যৌথ বিবৃতিতে এ নিন্দা জানান।
বিবৃতিতে বলা হয়, পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকে ধারাবাহিকভাবে বিভিন্ন অঞ্চলে বিজেপির নেতৃত্বে বিরোধী দল, সংখ্যালঘু সম্প্রদায় ও ভিন্নমতের মানুষের অফিস, বাড়িঘর ও দোকানপাটে ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটপাট এবং হত্যার মতো সন্ত্রাসী কর্মকাণ্ড সংঘটিত হচ্ছে। নিউমার্কেট এলাকায় গরুর মাংস বিক্রেতাদের দোকানে মব সৃষ্টি করে লুটপাট, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে।
এছাড়া মুর্শিদাবাদের জিয়াগঞ্জে সর্বহারা শ্রেণির মুক্তির দিশারি কমরেড লেনিনের ভাস্কর্য ভাঙচুর ও অশালীন অঙ্গভঙ্গি প্রদর্শন এবং পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও কমিউনিস্ট নেতা কমরেড জ্যোতি বসুর ভাস্কর্যে কালিমা লেপনের ঘটনাকে পশ্চিমবঙ্গের দীর্ঘদিনের রাজনৈতিক সংস্কৃতি ও ধর্মনিরপেক্ষ পরিবেশের সঙ্গে সাংঘর্ষিক বলে উল্লেখ করা হয়। বিবৃতিতে বলা হয়, বিজেপির এমন কর্মকাণ্ড তাদের হিন্দুত্ববাদী সাম্প্রদায়িক অবস্থানকেই স্পষ্ট করে, যা গণতন্ত্র ও প্রগতির পরিপন্থী।
বিবৃতিতে আরও বলা হয়, তফশিল ঘোষণার পর থেকেই কেন্দ্রীয় সরকারের নানা ধরনের অহেতুক হস্তক্ষেপ নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ডকে প্রশ্নবিদ্ধ করেছে। ‘স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR)’ এর নামে ভোটার তালিকা থেকে লক্ষ লক্ষ সংখ্যালঘু, দরিদ্র ও দলিত জনগোষ্ঠীকে বাদ দেওয়া হয়েছে বলেও অভিযোগ করা হয়। নির্বাচনের দিনেও নির্বাচন কমিশনের পক্ষপাতমূলক অবস্থান, কেন্দ্রীয় সশস্ত্র বাহিনী মোতায়েন ও জালিয়াতির অভিযোগ এসেছে বিভিন্ন বিরোধী দলের পক্ষ থেকে। ফলে নির্বাচনের বৈধতা নিয়েও প্রশ্ন উঠেছে বলে উল্লেখ করা হয়।
নেতৃবৃন্দ আরও বলেন, সুভাষ বোস, ভগত সিং, রবীন্দ্রনাথ ঠাকুর ও রাজা রামমোহন রায়ের মতো অসংখ্য গণতান্ত্রিক ও প্রগতিশীল মানুষের লড়াইয়ের স্মৃতিবিজড়িত পশ্চিমবঙ্গে ধর্মীয় সাম্প্রদায়িক সন্ত্রাসী গোষ্ঠীর এমন আস্ফালন অত্যন্ত পরিতাপের ও দুঃখজনক। অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার ও বিচারের দাবি জানান তারা। একইসঙ্গে পশ্চিমবঙ্গের বাম ও প্রগতিশীল শক্তির আগামীর লড়াইয়ে পূর্ণ সমর্থন ও সংহতি প্রকাশ করেন নেতৃবৃন্দ।
নিউজ ডেস্ক