ঢাকা

পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলায় আইএইএ–এর তদন্ত চায় ইরান

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি: সামরিক বাহিনীর মুখপাত্রের এক্স পোস্ট থেকে ছবি: সামরিক বাহিনীর মুখপাত্রের এক্স পোস্ট থেকে

ইরানে পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার ঘটনায় আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থাকে (আইএইএ) তদন্তের আহ্বান জানিয়েছে তেহরান। শনিবার (২১ জুন) রাতে হামলার পরপরই সংস্থার মহাপরিচালক রাফায়েল গ্রোসিকে চিঠি দিয়ে এই দাবি জানান ইরানের পরমাণু কর্মসূচির প্রধান মোহাম্মদ এসলামি। খবর আল জাজিরা ও ইরানের এসএনএন নিউজ নেটওয়ার্কের।

চিঠিতে মোহাম্মদ এসলামি মার্কিন পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়ে বলেন, এটি আন্তর্জাতিক আইন লঙ্ঘনের শামিল। তিনি আইএইএর প্রধানকে দ্রুত ও কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। একইসঙ্গে গ্রোসির ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন এসলামি। তার ভাষায়, “আইএইএর প্রধানের নিষ্ক্রিয়তা ও দুষ্কর্মে সহযোগিতা উদ্বেগজনক। ইরান এ বিষয়ে যথাযথ আইনি পদক্ষেপ নেবে।”

এদিকে রোববার (২২ জুন) এক সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে আইএইএ প্রধান রাফায়েল গ্রোসি জানিয়েছেন, ইরানের পরিস্থিতি পর্যালোচনায় সংস্থার বোর্ড অব গভর্নরস আগামীকাল (সোমবার) একটি জরুরি বৈঠকে বসবে।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ইরানের ফোরডো, নাতানজ এবং ইসফাহান পারমাণবিক স্থাপনাগুলোতে বিমান হামলা চালিয়েছে বলে দাবি করেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই হামলার পর ইরান আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছে এবং আইএইএর সরাসরি হস্তক্ষেপ চায়।




কমেন্ট বক্স