ঢাকা

জুলাই সহযোদ্ধাদের ওপর হুমকি এলে ছাত্রশিবির বসে থাকবে না

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম । বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, “ছাত্রশিবিরের সঙ্গে আদর্শগত ভিন্নতা থাকলেও, আমাদের জুলাই বিপ্লবের সহযোদ্ধাদের ওপর হুমকি এলে আমরা চুপ থাকবো না। গোপালগঞ্জে গতকালের ঘটনা প্রমাণ করেছে, বাংলাদেশ থেকে এখনো ফ্যাসিবাদ নির্মূল হয়নি।”

বৃহস্পতিবার (১৭ জুলাই) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের মাঠে আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জাহিদুল ইসলাম আরও বলেন, “আমরা জাতিগতভাবে এখনো আমাদের আদর্শ নির্ধারণে ঐকমত্যে পৌঁছাইনি। সংবিধানে গণতন্ত্রের কথা বললেও, একই সঙ্গে সমাজতন্ত্রের কথাও বলা হয়, যা একে অপরের সঙ্গে সাংঘর্ষিক।”

নবীন শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, “পৃথিবীতে মানুষের প্রতিটি অর্জন নতুন কিছু অর্জনের পথ খুলে দেয়। কাজেই প্রতিটি সফলতা পরবর্তী উন্নয়নের সিঁড়ি।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম বলেন, “২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষা কার্যক্রম শুরুতে আমরা অন্য বিশ্ববিদ্যালয়গুলোর চেয়ে এগিয়ে। আমরা চাই শিক্ষার্থীরা যেন দ্রুত কোর্স শেষ করতে পারে। রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনে আজকের এই আয়োজন প্রশংসনীয়।”

বিশেষ আলোচনায় যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মির্জা গালিব বলেন, “জুলাই অভ্যুত্থানে তরুণ প্রজন্ম যে সাহস দেখিয়েছে, তা জাতির জন্য গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত। সমাজ বদলাতে হলে শিক্ষার্থীদের শুধু রাজনীতি নয়, বিজ্ঞান ও প্রযুক্তিতেও দক্ষ হতে হবে।”

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ইতিহাস বিভাগের অধ্যাপক ড. বিলাল হোসাইন, বিশিষ্ট শিক্ষাবিদ আব্দুল মান্নান, জবি শিবিরের সাবেক সভাপতি মাসুদুর রহমান প্রমুখ। বক্তারা বলেন, আদর্শিক রাজনীতির চর্চাই শিক্ষাঙ্গনে সুস্থ ধারার রাজনীতি ফিরিয়ে আনতে পারে।

জবি শিবিরের বর্তমান সভাপতি রিয়াজুল ইসলাম বলেন, “শিক্ষার্থীদের শুধু স্লোগান নয়, ভবিষ্যতের নেতৃত্ব তৈরি করতে ছাত্রশিবির কাজ করে যাচ্ছে।”

অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীরাও অনুভূতি প্রকাশ করেন। বাংলা বিভাগের একজন শিক্ষার্থী বলেন, “সামাজিক মাধ্যমে শিবিরের ভালো কাজ দেখে আগ্রহ জন্মেছিল, আজ সরাসরি অংশ নিতে পেরে ভালো লাগছে।”
অন্য একজন শিক্ষার্থী বলেন, “আমি অরাজনৈতিক হলেও সচেতন নাগরিক। এমন আয়োজনে অংশ নিয়ে ভালো লেগেছে।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি দেলোয়ার হোসেন, সদ্য সাবেক জবি সভাপতি আসাদুল ইসলামসহ শিবিরের অন্যান্য নেতৃবৃন্দ।



কমেন্ট বক্স