ঢাকা

আমার মৃত্যুদণ্ডের পরপরই ভূমিকম্প, ‘আল্লাহর খেলা’: শেখ হাসিনা

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি : সংগৃহীত ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় ঘোষণার পর দেশে পরপর কয়েকটি ভূমিকম্পকে “আল্লাহর খেলা” বলে মন্তব্য করেছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দলের নেতাকর্মীদের উদ্দেশে এক অডিও বার্তায় তিনি এ মন্তব্য করেন।

অডিও বার্তায় তিনি বলেন, তার মৃত্যুদণ্ডের রায় ঘোষণার দিনই চট্টগ্রাম বন্দরের লিজ চুক্তির বিষয়টি সামনে আসে, আর সে দিনই দেশে তীব্র ভূমিকম্প অনুভূত হয়। শেখ হাসিনার ভাষায়, “এটা আল্লাহরই খেলা। আমাকে মৃত্যুদণ্ড দিলো, সঙ্গে সঙ্গে পোর্ট বিক্রির চুক্তিও হলো। তারপরই দেশে বড় ভূমিকম্প, পরের দিন আবার কম্পন।”

তিনি ভূমিকম্পে নিহতদের জন্য দোয়া এবং আহতদের দ্রুত চিকিৎসার দাবি জানান। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, বর্তমান পরিস্থিতিতে উদ্ধার ও চিকিৎসা কার্যক্রমে অব্যবস্থা রয়েছে। “আমি ক্ষমতায় থাকলে এ রকম হতো না,” বলেন তিনি।

জুলাইয়ের গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধ মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেয়। একই মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন পাঁচ বছরের কারাদণ্ডে দণ্ডিত হন। রায়টি ঘোষণা করেন ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তূজা মজুমদার।

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল বিদেশি কোম্পানির কাছে লিজ দেওয়া নিয়ে তিনি আবারও সমালোচনা করেন। বিষয়টি নিয়ে হাইকোর্ট ৩০ জুলাই রুল জারি করে প্রক্রিয়াটির বৈধতা জানতে চায়। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রুলের শুনানিতে দুই বিচারপতির ভিন্নমত দেখা দেয়।

এদিকে চলতি বছর ২১ নভেম্বর নরসিংদীর মাধবদী অঞ্চলে উৎপত্তি হওয়া ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় কেঁপে ওঠে। এতে ভবনে ফাটল দেখা দেয় ও ১০ জন প্রাণ হারান। পরবর্তী দিনগুলোতেও ২২, ২৩, ২৬ নভেম্বর এবং ৪ ডিসেম্বর দেশে মৃদু ভূমিকম্প অনুভূত হয়



কমেন্ট বক্স