ঢাকা

সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান

  • নিউজ প্রকাশের তারিখ : ইং

নতুন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় সচিবালয়ে প্রবেশ করেন। এর আগে সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন তিনি।


প্রধানমন্ত্রী সচিবালয়ে পৌঁছালে তাকে স্বাগত জানান মন্ত্রিপরিষদ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা। নতুন ১ নম্বর ভবনের তৃতীয় তলায় প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত কার্যালয়ে প্রথম দিনের মতো অফিস শুরু করেন তিনি। একই ভবনের মন্ত্রিপরিষদ কক্ষে বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে নতুন মন্ত্রিপরিষদের প্রথম বৈঠক, যেখানে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী নিজেই। বৈঠকটি মূলত পরিচিতিমূলক হলেও সরকারের অগ্রাধিকার বিষয়গুলো নিয়ে সংক্ষিপ্ত আলোচনা হবে।


নতুন মন্ত্রিপরিষদ ও প্রতিমন্ত্রীদের জন্য সচিবালয়ের প্রতিটি মন্ত্রণালয় ও বিভাগ পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে। করিডোরে নতুন ফুলের টব বসানো হয়েছে, এবং উপদেষ্টাদের নামফলক সরিয়ে নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীর নামফলক স্থাপন করা হয়েছে। কর্মকর্তা ও কর্মচারীরা ফুল হাতে প্রধানমন্ত্রী এবং মন্ত্রিপরিষদের সদস্যদের স্বাগত জানান।


নিরাপত্তা ব্যবস্থা ছিল কঠোর। নতুন ১ নম্বর ভবনের চারপাশে বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে। প্রবেশ পথে আর্চওয়ে বসানো হয় এবং পরিচয়পত্র যাচাই শেষে কর্মচারীদের প্রবেশের অনুমতি দেওয়া হয়। ভবনের নিচতলায় সেনাবাহিনী ও র‍্যাবের ডগ স্কোয়াডও অবস্থান করে।


প্রধানমন্ত্রীর প্রথম দিনের কর্মসূচিতে মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় এবং বিকেল ৪টায় বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবদের সঙ্গে পৃথক বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে প্রশাসনে শৃঙ্খলা ও সমন্বয় নিশ্চিত করা, সরকারের কার্যক্রমে গতি আনা এবং নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নে প্রশাসনের সক্রিয় ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হতে পারে।


১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর বিএনপি সরকার গঠন করেছে। মঙ্গলবার বিকেলে তারেক রহমানসহ মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা শপথ নেন এবং রাতেই দপ্তর বণ্টন ও প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।


প্রায় দুই দশক পর চতুর্থবারের মতো সরকার গঠন করেছে বিএনপি। দলীয় চেয়ারম্যান হিসেবে এবারই প্রথমবার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়া তারেক রহমানের প্রথম কর্মদিবস সচিবালয়ে উৎসবমুখর ও সতর্ক—দুই ধরনের আবহের মধ্যে শুরু হয়েছে।






কমেন্ট বক্স