মোঃ জাফর আলী, নাটোর প্রতিনিধি : নাটোরের বড়াইগ্রামে শহীদ মিনার ধসে মোঃ সায়মন হোসেন (১৭) নামে এক মাদ্রাসাছাত্র গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তার অবস্থা গুরুতর বলে জানা গেছে।
রবিবার (১৯ এপ্রিল ২০২৬) দুপুর আনুমানিক ১২টা ৩০ মিনিটে বড়াইগ্রামের ধনাইদহ ফাজিল ডিগ্রি মাদ্রাসা প্রাঙ্গণে এ দুর্ঘটনা ঘটে। আহত সায়মন হোসেন ধনাইদাহ মধ্যপাড়া এলাকার বাসিন্দা এবং আলিম প্রথম বর্ষের ছাত্র। তার পিতা মোঃ বাবুল আক্তার।
সহপাঠীদের বর্ণনা অনুযায়ী, চলমান পরীক্ষায় অংশ নিয়ে পরীক্ষা শেষে সায়মন মাদ্রাসা প্রাঙ্গণে অবস্থিত শহীদ মিনারের নিচে যায়। এ সময় হঠাৎ করেই পুরোনো শহীদ মিনারের একটি পিলার ভেঙে তার ওপর ধসে পড়ে। সাথে থাকা তার সহপাঠী জিহাদ ও রাহাত জানায়, “শহীদ মিনারের পিলার ভেঙে পড়ার সঙ্গে সঙ্গেই সায়মন অচেতন হয়ে যায়।”
বন্ধুদের চিৎকারে শিক্ষক-শিক্ষিকা ও অন্যান্য শিক্ষার্থীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে তাকে উদ্ধার করেন। পরে গুরুতর আহত অবস্থায় দ্রুত চিকিৎসার জন্য তাকে বনপাড়া পাটোয়ারী হাসপাতালে নেওয়া হয়।
মাদ্রাসার অধ্যক্ষ আকমল হোসাইন জানান, শহীদ মিনারটি ২০১০ সালে নির্মিত হয়েছিল। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় এটি জরাজীর্ণ হয়ে পড়েছিল, যার ফলে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়দের মতে, শিক্ষাপ্রতিষ্ঠানের পুরোনো স্থাপনাগুলো নিয়মিত পরিদর্শন ও সংস্কার করা হলে এ ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব।