ঢাকা

জুলাই সনদে কোন ভাবে ছাড় দেবে না জামায়াত-এনসিপি

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি সংগৃহীত ছবি সংগৃহীত


জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশে বলা হয়েছিল, গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলে নতুন সংসদের সদস্যরা প্রথম ১৮০ দিন সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন এবং জুলাই সনদে উল্লেখিত প্রস্তাবগুলো নিয়ে সিদ্ধান্ত নেবেন।


 কিন্তু মঙ্গলবার সংসদ সদস্যদের শপথ গ্রহণের সময় বিএনপি থেকে নির্বাচিত সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের শপথ নিতে আপত্তি জানায়। এর বিপরীতে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের সদস্যরা উভয় শপথ গ্রহণ করেন।

সরকারদলীয় সদস্যরা সংস্কার পরিষদের শপথ না নেওয়ায় গণভোটে দেওয়া মানুষের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে প্রশ্ন উঠেছে। জামায়াত ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এ বিষয়ে কোনো ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে এবং প্রয়োজনে আদালত ও রাজপথে কর্মসূচির মাধ্যমে মোকাবিলার কথা বলছে।

১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি জুলাই জাতীয় সনদের সংবিধান-সংক্রান্ত প্রস্তাবগুলোর বাস্তবায়নের জন্য গণভোট অনুষ্ঠিত হয়। ভোটে অংশ নেন ৭ কোটি ৬ লাখ ৪০ হাজার ৫৬ জন, যার মধ্যে ৪ কোটি ৮০ লাখ ৭৪ হাজার ৪২৯ জন ‘হ্যাঁ’ এবং ২ কোটি ২৫ লাখ ৬৫ হাজার ৬২৭ জন ‘না’ ভোট দেন।

এদিকে, জুলাই জাতীয় সনদ অবৈধ ঘোষণা ও কার্যকারিতা স্থগিতের জন্য হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। বিএনপি জানায়, তারা নির্বাচিত হয়েছেন সংসদ সদস্য হিসেবে, সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে নয়। তাদের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, সংবিধানে এ ধরনের বিধান যুক্ত হলে কেবল শপথ নেওয়া সম্ভব।

জামায়াত ও এনসিপি পক্ষ থেকে ঘোষণা দেয়া হয়েছে, তারা জুলাই সনদ নিয়ে কোনো ছাড় দেবেন না। জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, জুলাই সনদ বাস্তবায়ন সবাইকে সংসদে ভূমিকা রাখতে হবে এবং অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণে তারা সোচ্চার থাকবেন। এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, সরকারি দল হিসেবে বিএনপি সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেওয়ায় গণভোটের ‘হ্যাঁ’ জয়কে অবজ্ঞা করা হয়েছে। এছাড়া এনসিপি সদস্য সচিব আখতার হোসেন বলেন, জুলাই সনদ বাংলাদেশের নতুন রাষ্ট্র গঠনের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ এবং এর সুফল পূর্ণমাত্রায় প্রাপ্ত করতে কাজ করা হবে।

এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিম আলম বলেন, বিএনপি সরকারের যাত্রা জুলাই সনদ ও গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার সঙ্গে ‘গাদ্দারি’ করে শুরু হয়েছে এবং দ্রুত সংশয় দূর করে জুলাই সনদের আলোকে রাষ্ট্র পরিচালনার আহ্বান জানান।




কমেন্ট বক্স