ঢাকা

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত অন্তত ১২

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি: সংগৃহীত ছবি: সংগৃহীত
লেবাননের পূর্ব ও দক্ষিণাঞ্চলে ইসরায়েলি হামলায় অন্তত ১২ জন নিহত এবং কয়েক ডজন আহত হয়েছেন। দেশটির কর্তৃপক্ষ বলছে, ২০২৪ সালের যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে এ হামলা চালানো হয়েছে।


লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা National News Agency (এনএনএ) জানায়, শুক্রবার পূর্বাঞ্চলের বেকা উপত্যকায় বিমান হামলায় অন্তত ছয়জন নিহত ও ২৫ জনের বেশি আহত হন। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে সংস্থাটি জানায়, বেকা গভর্নরেটের রিয়াক শহরের একটি ভবনে হামলার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১০ জনের বেশি হয়েছে এবং আহত হয়েছেন অন্তত ৩০ জন। ধ্বংসস্তূপে জীবিতদের খুঁজে পেতে এখনও তল্লাশি চলছে।


ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, বালবেক এলাকায় হিজবুল্লাহর একটি কমান্ড সেন্টার লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। হিজবুল্লাহর একটি সূত্র বার্তা সংস্থা Agence France-Presse-কে জানিয়েছে, নিহতদের মধ্যে সংগঠনটির এক সামরিক নেতা রয়েছেন।


এর আগে একই দিন দক্ষিণ লেবাননের সাইদা শহরের উপকণ্ঠে অবস্থিত বৃহত্তম ফিলিস্তিনি শরণার্থী শিবির আইন এল-হিলওয়েতে ড্রোন হামলায় অন্তত দুইজন নিহত হন বলে জানিয়েছে দেশটির জনস্বাস্থ্য মন্ত্রণালয়। এনএনএ জানায়, শিবিরের হিত্তিন এলাকায় একটি ইসরায়েলি ড্রোন হামলা চালায়।


ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, যুদ্ধবিরতি চুক্তি বারবার লঙ্ঘনের জবাবে তারা হামাসের একটি কমান্ড সেন্টারে আঘাত হেনেছে, যেখান থেকে সশস্ত্র কার্যক্রম পরিচালিত হচ্ছিল। তবে হামাসের পক্ষ থেকে বলা হয়েছে, হামলায় বেসামরিক লোকজন হতাহত হয়েছেন এবং সেখানে কোনো সামরিক সদস্য উপস্থিত ছিলেন না।


শরণার্থী শিবিরে হামলায় একটি ভবন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ভবনটি আগে যৌথ ফিলিস্তিনি নিরাপত্তা বাহিনী ব্যবহার করলেও বর্তমানে এটি খাদ্য সহায়তা বিতরণের রান্নাঘর হিসেবে ভাড়া দেওয়া ছিল।



কমেন্ট বক্স