ঢাকা

ভোরে জামায়াত আমিরের স্ট্যাটাস ‘ইনকিলাব জিন্দাবাদ’

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি: সংগৃহীত ছবি: সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে একটি সংক্ষিপ্ত স্ট্যাটাস দিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন। রোববার (২২ ফেব্রুয়ারি) ভোর ৬টা ৮ মিনিটে দেওয়া ওই পোস্ট ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে।

দুই লাইনের স্ট্যাটাসে তিনি লেখেন, “ইনশাআল্লাহ, আগামীর বাংলাদেশ ইনসাফের বাংলাদেশ। ইনকিলাব জিন্দাবাদ।”

প্রতিবেদন লেখা পর্যন্ত পোস্টটিতে ১ লাখ ৬৪ হাজারের বেশি রিয়্যাক্ট পড়েছে। আড়াই হাজারের বেশি বার শেয়ার হয়েছে এবং ২০ হাজারের বেশি ব্যবহারকারী মন্তব্য করেছেন।

‘ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগানটি জুলাইয়ের গণঅভ্যুত্থানের সময় ব্যাপকভাবে উচ্চারিত হয়। তবে সাম্প্রতিক এক বক্তব্যের পর শব্দবন্ধটি আবারও আলোচনার কেন্দ্রে চলে আসে। ভাষা ও পরিচয় নিয়ে বিতর্কের প্রেক্ষাপটে বিভিন্ন রাজনৈতিক নেতা, ছাত্রসংগঠনের প্রতিনিধি এবং সামাজিক সংগঠনের কর্মীরা নিজেদের পোস্টে স্লোগানটি ব্যবহার করছেন।

এর আগে শনিবার (২১ ফেব্রুয়ারি) সিরাজগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের এক অনুষ্ঠানে বিষয়টি নিয়ে মন্তব্য করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “নিজের ভাষা ও নিজের সম্পদকে ভালোবাসুন। বাংলাকে যদি ধারণ করতে হয়, বাংলাকে যদি মায়ের ভাষা বলতে হয়, তাহলে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না। ইনকিলাব আমাদের ভাষা না।”

তার ওই বক্তব্যের পর থেকেই ফেসবুকে ‘ইনকিলাব জিন্দাবাদ’ লিখে পোস্ট দিতে শুরু করেন বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা। বিষয়টি এখন অনলাইন আলোচনার অন্যতম কেন্দ্রবিন্দু।



কমেন্ট বক্স